কক্সবাজারে অস্ত্রসহ ‘ডাকাত’ আটক
পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর কক্সবাজারে আহত অবস্থায় অস্ত্রসহ এক ‘ডাকাতকে’ আটক করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন থেকে মোহাম্মদ তারেক (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
মিয়ানমারের মংড়ু এলাকার আবুল হোসেনের ছেলে তারেক রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় বসবাস করেন।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতি চলছে খবর পেয়ে ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনজুর কাদেরের নেতৃত্বে রাত সাড়ে ৩টার দিকে ডুলাফকিরের মাজারের কাছে অভিযান চালায় পুলিশ।
এ সময় পুলিশ ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয় বলে জানান ওসি। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তারেককে আটক করা হয়।
তারেকের কাছ থেকে একটি এলজি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ ও অন্যান্য ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি জসীম উদ্দিন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
