সাভারে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর সহায়তা
সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের পঞ্চম দফায় আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার দুপুরে রানা প্লাজা ধসে নিহত ১৩৩ জনের পরিবারের সদস্য এবং ১৮ জন আহতের হাতে পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন শেখ হাসিনা।
নিহতদের প্রত্যেকের পরিবার এবং ‘গুরুতর’ আহত ১৮ জনের প্রত্যেককে ১০ থেকে ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র দেন প্রধানমন্ত্রী।
এর আগে চার দফায় এই ভবন ধসে নিহত চারশ’ ৫২ জনের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেয়া হয়।
এদিনও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ সহায়তার চেক দেয়া হয়।
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ও প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, রেলমন্ত্রী মুজিবুল হক এবং সংশ্লিষ্ট সচিবরা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ সহায়তার চেক দেন।
