দ্বিতীয়দিনের মতো ঢাকা-খুলনা বাস চলাচল বন্ধ
দুইদিন ধরে ঢাকার সঙ্গে খুলনা বিভাগের ১০ জেলার বাস চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির ডাকা এ ধর্মঘটের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সোমবার সকাল ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটি।
তবে অভ্যন্তরীণ রুটের সকল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মৃধা জানান, তারা দীর্ঘ ৪ মাস ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু মালিকরা তাদের দাবি মানছেন না।
তিনি আরো জানান, ইতোমধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করা হলেও খুলনা বিভাগের মালিকরা শ্রমিকদের দাবি মানছেন না। বাধ্য হয়ে সোমবার সকাল থেকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল,মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরসহ ১০ জেলার পরিবহন শ্রমিকরা ধর্মঘটে গেছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলেও জানান তিনি।
বিষয়টি সমাধানে প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলেও জানান খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মৃধা।
