সাভারের আহত শ্রমিকদের পাশে নেদারল্যান্ডের মন্ত্রী
সাভারের রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের পাশে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগী মন্ত্রী লিলিয়ানি প্ল্যাউমেন।
সোমবার দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) গিয়ে মন্ত্রী শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
এর আগে তিনি রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান এবং এক মিনিট নিরবতা পালন করেন।
এ সময় মন্ত্রী লিলিয়ানি প্ল্যাউমেন এর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবেন ডি জংসহ দূতাবাসের কর্মকর্তারা।
পরে প্রতিনিধি দলের সদস্যরা আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাইলে ক্যাপিলা নিটওয়্যার লিমিটেড কারখানা ঘুরে দেখেন এবং শ্রমিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে সাংবাদিকদের মন্ত্রী প্ল্যাউমেন বলেন, গার্মেন্ট শিল্পের উন্নয়নে বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করবে নেদারল্যান্ড সরকার। এখানের শ্রমিকরা পোশাক শিল্পের উন্নয়নে যথেষ্ট পরিশ্রম করছে।
