জামিনের মেয়াদ বাড়ল চট্টগ্রামের সেই চিকিৎসকের
অস্ত্রোপচারের পর শরীরে সুই রেখে দেয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুরমান আলীর জামিনের মেয়াদ আবারো বেড়েছে।
সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া দ্বিতীয় দফায় আগামী ১৭ জুলাই পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ান।
একইসঙ্গে আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী।
তিনি বলেন, বিচারক ওই চিকিৎসকের অস্থায়ী জামিনের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন।
এছাড়া তার স্থায়ী জামিন চেয়ে করা আবেদনের শুনানিও আগামী ১৭ জুলাই হবে বলে জানান তিনি।
গত বছরের ৩০ মে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মলদ্বারে অস্ত্রোপচারের পর সুই রেখে সেলাই দেয়ার ঘটনায় এ বছরের ২৮ জানুয়ারি মামলা করেন ওই মা দেলোয়ারা বেগম।
এ ঘটনায় গত ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
এরপর গত ৩ জুন অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ডা. সুরমান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
গত ৬ জুন চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবর রহমান এক কোটি টাকার মুচলেকায় ১০ জুন পর্যন্ত তাকে জামিন দেন।
পরে ১১ জুন মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া মামলার পরবর্তী শুনানির দিন ১৭ জুন পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছিলেন।
