ঋণ খেলাপি: তারেককে সমনের জবাব দেয়ার নির্দেশ
ঋণ খেলাপির মামলায় তারেক রহমান ও তার ভাই আরাফাত রহমান কোকোসহ ১২ জন বিবাদীকে ১৬ জুলাইয়ের মধ্যে সমনের জবাব দিতে বলেছে আদালত।
ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক রবি-উজ-জামান রোববার এ আদেশ দেন।
মামলার ৬ নং বিবাদী গিয়াস উদ্দিন আল মামুনের জবাব দেয়ার জন্য সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ নির্দেশ দেন।
এ মামলার ১২ বিবাদী হলেন ড্যান্ডি ডাইং লিমিটেড, ড্যান্ডি ডাইংয়ের চেয়ারম্যান তারেক রহমান ও তার ভাই আরাফাত রহমান কোকো, শামস ইস্কান্দার ও সাফিন ইস্কান্দার, সুমাইয়া ইস্কান্দার, নাসরিন আহমেদ, তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহিনা বেগম, গাজী গালিব আব্দুস সাত্তার, শামসুন নাহার ও মাসুদ হাসান।
গত বছরের ২ অক্টোবর এ মামলার বিবাদীদের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম আদালতে মামলাটি করেন।
মামলায় উল্লেখ করা হয়, ১৯৯২ সালে তিন কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে ড্যান্ডি ডায়িং লিমিটেড নামের কোম্পানি।
১৯৯৩ সালের ৫ মে সোনালী ব্যাংক থেকে ১৩ কোটি ১৪ লাখ টাকা ঋণ নেন বিবাদীরা। এরপর ১৯৯৬ সালে সাঈদ এস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ পুণরায় ঋণ মঞ্জুর করেন। ২০১০ সালের ৪ এপ্রিল ড্যান্ডি ডায়িংকে দেয়া ঋণের পরিমাণ ৪২ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা।
