আপিল করায় বিজি প্রেসকে আবার জরিমানা
মালামাল সরবরাহকারী ঠিকাদারকে জরিমানা দেয়ার আদেশের বিরুদ্ধে আপিল করে নতুন করে জরিমানার মুখে পড়লো সরকারি ছাপাখানা বিজি প্রেস।
রোববার বিজি প্রেসের করা এক আবেদন খারিজ করে আরো জরিমানার আদেশ দেয় বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।
আদালতে বিজি প্রেসের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। আর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফ্রেন্ডশীপ বিজনেস কর্পোরেশনের মালিক আক্তার হোসেনের পক্ষে ছিলেন শ ম রেজাউল করিম।
পরে শ ম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মক্কেলের প্রতিষ্ঠান বিজি প্রেসে মাল সরবরাহ করে। কিন্ত বিজি প্রেস মাত্র ১০ লাখ টাকা পরিশোধ করে। বারবার তাগিদ দেয়ার পরও তারা বাকী টাকা পরিশোধ না করায় আমরা হাই কোর্টে আসি।”
তিনি জানান, ২০১০ সালের জুন মাসে হাই কোর্ট বিজি প্রেসকে ১০ লাখ টাকা জরিমানাসহ ৬০ দিনের মধ্যে সব বকেয়া পরিশোধ করার আদেশ দেয়। কিন্তু বিজি প্রেস টাকা পরিশোধ না করে আপিল বিভাগে আবেদন করে।
“আপিল বিভাগ আজকে ওই আবেদন খারিজ করে দিয়ে বিজি প্রেসকে নতুন করে দুই লাখ টাকা জরিমানা করেছে।”
রাজিক আল জলিল বলেন, “আমরা হাই কোর্টের আবেদনের বিরুদ্ধে আপিল বিভাগে এসেছি। আপিল বিভাগে আমাদের আবেদন খারিজ করে দিয়ে দুই লাখ টাকা মামলার খরচ দিতে বলেছে।”
