টেকনাফে ট্রলার ডুবি, ২ লাশ উদ্ধার
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফে একটি ট্রলার ডুবির ঘটনায় দুটি লাশ উদ্ধার করা হয়েছে। আরো অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছে।
রোববার বিকালে টেকনাফের ৪২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, ভোরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। বিকাল ৩টার দিকে সাবরাং এর হাবিরছড়া ও মহেশখালীয়া পাড়া থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এদের একজন পুরুষ, একজন নারী।
তবে তাদের পরিচয় জানাতে পারেনি বিজিবি।
টেকনাফের কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের কাছে ট্রলার ডুবির কথা শুনে বিকালে ২ দালালকে আটক করা হয়েছে।
আটককৃত দালালরা ট্রলার ডুবির ঘটনা স্বীকার করেছে। তবে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করা হবে না বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।
ট্রলার ডুবির পর এখনো অন্তত ২ নারী ও ২ শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে।
