চিকিৎসকের শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
অস্ত্রপাচারের পর শরীরে সুঁই রেখে দেয়া দুই চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রোববার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ভবিষ্যতে কোন ডাক্তার যাতে এ ধরনের ঘটনা না ঘটায় এবং সেজন্য আমরা এ মানববন্ধন আয়োজন করেছি।”
“এ ধরনের ‘অপরাধী’ ডাক্তারদের যদি শাস্তি দেয়া হয় তাহলে যে কোনো ডাক্তার ভবিষ্যতে চিকিৎসা করার সময় সাবধানতা অবলম্বন করবেন।”
এদিকে মানববন্ধন থেকে ডাক্তারদের জামিন বাতিল করারও দাবি জানানা হয়।
গত বছরের ৩০ মে আমিনুল ইসলাম নামে এক ছাত্রের মলদ্বারে অপারেশন করার পর সুঁই রেখে সেলাই করে দেন অভিযুক্ত দুই চিকিৎসক সুরামান আলী ও ডা. জাকির হোসেন।
তাদের মধ্যে সুরমান আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন ও ডা. জাকির বেসরকারি একটি ডায়গনস্টিক সেন্টারের চিকিৎসক।
গত ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়ার পর গত ৩ জুন আদালত ডা. সুরমান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর গত ৬ জুন চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবর রহমান ১ কোটি টাকা মুচলেখায় ১০ জুন পর্যন্ত এবং ১১ জুন চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভঁইয়া ১৭ জুন পর্যন্ত সুরমান আলীর জামিনের মেয়াদ বৃদ্ধি করে।
এছাড়া ডা. জাকির উচ্চ আদালতের জামিনে রয়েছেন।
