বরিশালে কামাল বিজয়ী
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে ১৮ দলীয় জোটের সমর্থিত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল বিজয়ী হয়েছেন।
শনিবার মধ্যরাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান তাকে বিজয়ী ঘোষণা করেন।
তিনি জানান, ১০০টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে কামাল আনারস প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৭৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের সভাপতি বিদায়ী মেয়র শওকত হোসেন হিরন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৭৪১ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক খান মামুন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন এক হাজার ৮০৭ ভোট। দলের মতের বিরুদ্ধ প্রার্থী হওয়ায় নির্বাচন চলাকালেই যুবলীগ থেকে বহিষ্কৃত হন মামুন।
বরিশাল নগরীর সিঅ্যাণ্ডবি রোডে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
১০০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করার পর রিটার্নিং কর্মকর্তা রোববার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার কথা বললে বিএনপি সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তারা মুজিবুর রহমানের দিকে পানির বোতলও ছুঁড়ে মারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এর পরপরই তিনি বেসরকারিভাবে আহসান হাবিব কামালকে বিজয়ী ঘোষণা করেন।
বেসরকারি ফল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ নগরীর বিভিন্ন স্থানে ১৮ দলের কর্মী-সমর্থকরা উল্লাসে ফেটে পেড়েন।
আহসান হাবিব কামাল তার এ বিজয়কে ‘রাজনৈতিক’ উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার প্রথম ও প্রধান কাজ হবে মাস্টারপ্ল্যান করে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা।”
একটি কেন্দ্রে প্রধান দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ছাড়া বড় ধরনের কোনো গোলযোগ ছাড়াই বিকাল ৪টায় এ সিটির ভোটগ্রহণ শেষ হয়। এদিন খুলনা, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটেও বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।
বরিশালের ৩০টি ওয়ার্ডের ১০০টি কেন্দ্রে ভোটার ছিলেন ২ লাখ ১১ হাজার ২৫৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৫২ হাজার ২৯৯টি। অর্থাৎ, ভোট পড়ার হার ৭২ দশমিক ১ শতাংশ।
