সিলেটে আরিফুলের জয়
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী।
১২৮ কেন্দ্রের সবকয়টির ভোট গণনা শেষে আরিফ টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৩০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ হাজার ১৭৩ ভোট।
এ নির্বাচনের তৃতীয় প্রার্থী ব্যবসায়ী সালাহ উদ্দিন রিমন তালা প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ২২ ভোট।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে আলমপুরে অবস্থিত নির্বাচন কমিশনের সিলেট কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার এস এম এজহারুল হক চূড়ান্ত ফলের ঘোষণা দেন।
এজহারুল হক জানান, এ নির্বাচনে মোট ১ লাখ ৮০ হাজার ৫২৫টি বৈধভোট পড়েছে।
আরিফের এই জয়ের খবরে নগরীর বিভিন্ন স্থানে তার সমর্থকদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। আম্বরখানা, জিন্দাবাজার, চৌহাট্টাসহ বিভিন্ন স্থানে দেখা গেছে খণ্ড খণ্ড মিছিল। কোথাও কোথাও মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।
এদিকে কর্পোরেশন নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করা আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান।
ফল ঘোষণার মধ্যেই স্পষ্ট ব্যবধানে পিছিয়ে পড়ার পর নগরীর ছড়ার পাড়ে নিজের বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জনগণ মনে করেছেন নতুন কাউকে নির্বাচিত করবেন তাই তারা সুন্দর রায় উপহার দিয়েছেন।”
সিলেট সিটিতে ভোটার ছিলেন ২ লাখ ৯১ হাজার ৪৬ জন।
বড় ধরনের গোলযোগ ছাড়াই বিকাল ৪টায় সিলেটের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন চলাকালে এক ভোটারের সঙ্গে বাক-বিতণ্ডার পর খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা লুৎফুন্নেছাকে প্রত্যাহার করে কমিশন। তবে আর কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি।
সিলেট সিটি কর্পোরেশন কাজ শুরু করে ২০০২ সালে। এ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটার ছিল ৬ হাজার ২৮৩ জন।
