রিকশা ‘বুকিংয়ে’ সিলেটে ভোগান্তি
ভোট কেন্দ্রে ভোটারদের আনা নেয়ায় যানবাহন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও সিলেট মহানগরীর ‘সব’ রিকশাই শনিবার ছিলো ভোটারদের আনায় নেয়ায় ‘বুকড’।
নির্বাচনী আচরণবিধিতে যানবাহন ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধে বলা হয়েছে, কোনো ভোটকেন্দ্রে বা ভোটকেন্দ্র হতে ভোটারদের আনা নেওয়ার জন্য যে কোনো প্রকারের যানবাহন বা জলযান ভাড়া করা যাবে না বা ব্যবহার করা যাবে না।
কিন্তু রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন প্রার্থী তাদের সারা দিনের জন্য ভাড়া করেছেন।
নির্বাচনের কারণে নগরীতে ভারী সব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় যে কোনো প্রয়োজনে রিকশা ছাড়া অন্য কিছু ছিলো না।
দুই ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থেকে রিকশা না পাওয়ার কথা জানিয়ে জিন্দাবাজার এলাকার বাসিন্দা মইনুল ইসলাম বলেন, “এ পর্যন্ত প্রায় শতাধিক খালি রিকশাকে থামাতে হাত তুলেছি। কিন্তু কেউ বলছে ‘বুকড’, কেউ বলছে ‘রিজার্ভ’।”
আনিসুল হক নামে এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্ত্রীকে নিয়ে সকাল ভোট দিতে যেতে চেয়েছিলাম, যাওয়ার জন্য রিকশার অভাব নাই, কিন্তু সবই প্রার্থীরা রিজার্ভ করে রেখেছে।”
সাধারণ ভাড়ায় কেন যাচ্ছেন না- এই প্রশ্নের জবাবে হামিদ হোসেন নামে এক রিকশাচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা দিনের রিজার্ভ পাইছি। কেমনে যামু? রিজার্ভের ভাড়া টানতেছি।”
প্রার্থীদের হয়ে ভোটার আনা-নেয়া আইনগতভাবে যে ঠিক নয়, তা জানেন কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি রিকশা চালাচ্ছি। রিকশা চালাইয়া টাকা নিমু। এখানে ঠিক-বেঠিকের কী হইলো।”
একই কথা বলেন মো. আলমগীর, আকবর আলী, সুরুজ মিয়াসহ বেশ কয়েকজন রিকশাচালক।
