২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলযোগ ছাড়াই শেষ হলো ৪ নগরে ভোট

বড় ধরনের গোলযোগ ছাড়াই চার সিটি কর্পোরেশনে নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 10:17 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

পুরনো খবর:

ইভিএমে উচ্ছ্বাসই বেশি
একনজরে ভোটের হিসাব
৪ নগরে ভোটগ্রহণ শুরু

নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। তবে প্রধান বিরোধী দল অনিয়মের কিছু অভিযোগ করেছে।

শনিবার সকাল ৮টা থেকে খুলনা, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

খুলনায় একটি কেন্দ্রে হট্টগোলে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। বরিশালে মারামারির কারণে একটি কেন্দ্রে ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ ছিলো।

ভোটারের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ানোয় সিলেটে এক নির্বাচন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

এছাড়া আর বড় ধরনের কোনো গোলযোগের খবর কোথাও পাওয়া যায়নি।  

ভোটগ্রহণ ৪টায় শেষ হলেও যারা কেন্দ্রে রয়েছেন, তাদের ভোট এই সময়ের পরও নেয়া হবে বলে ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে।

ভোটগ্রহণ শেষের কিছু সময়ের মধ্যেই গণনা শুরু হবে।

তাৎক্ষণিকভাবে সঠিক পরিসংখ্যান দিতে না পারলেও চার নগরীতে ১২ লাখেরও বেশি ভোটারের মধ্যে ৮০ শতাংশ ভোট দিয়েছেন বলে মনে করছে ইসি।

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণের একটি চিত্র সাংবাদিকদের জানান।

তখন পর্যন্ত রাজশাহীতে ৫০ শতাংশ, খুলনায় ৬০ শতাংশ, বরিশালে ৫৬ শতাংশ এবং সিলেটে ৬০ শতাংশ ভোট গ্রহণ হয়েছিলো।

বিরোধী দলের আনা অনিয়মের অভিযোগ নাকচ করলেও ইসি সচিব বলেন, তাদের অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। তবে বরিশালে এজেন্ট বের করে দেয়ার ঘটনা ঘটেনি, খুলনায় কাউকে ভয়ভীতি দেখানো হয়নি।

বিরোধী দল অভিযোগ তুললেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক থাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে।

জাতীয় নির্বাচনের বছর অনুষ্ঠিত এই চার সিটি কর্পোরেশন নির্বাচনে সকালে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বুথ চালু হওয়ার আগেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা যায়। নারী ভোটারদের উপস্থিতিও ছিলে লক্ষণীয়।

সকালে বৃষ্টির মধ্যেও রাজশাহী ও বরিশালে ভোট চলতে দেখা যায়।

বিরোধী দলের দাবি থাকলেও স্থানীয় সরকারের এই নির্বাচনে সেনা মোতায়েন হয়নি, তবে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন ছিলো।

Image
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে শনিবার ইভিএমে ভোট দিচ্ছেন এক নারী।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে শনিবার ইভিএমে ভোট দিচ্ছেন এক নারী।

এই চার সিটি কর্পোরেশনের একটি করে ওয়ার্ডে মোট ১৩টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়। যান্ত্রিক পদ্ধতিতে ভোটগ্রহণে কারো কারো সমস্যা হলেও অধিকাংশই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সিলেট নগরীর ২ নম্বর ওয়ার্ডের মদন মোহন কলেজে কেন্দ্রে জীবনে দ্বিতীয়বার ভোট দিয়ে গৃহকর্মী মরিয়ম বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এত সহজে ভোট দেয়া যায় আগে ভাবিনি, এক টিপে কাজ শেষ। ভোট দিতে আইলাম আর গেলাম। ভালোই তো।”

ইভিএমের আওতায় না থাকা রাজশাহীর একটি কেন্দ্রের কয়েকজন তরুণ ভোটার যান্ত্রিক পদ্ধতিতে ভোট না দিতে পারায় হতাশা প্রকাশ করেছেন।

চার শহরের মেয়র হতে প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোট ১২ জন প্রার্থী। তবে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আট প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।

চারটি সিটি কর্পোরেশনেই সদ্য বিদায়ী মেয়ররা ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে আবারো নির্বাচনে অংশ নেন। আর বিএনপি সমর্থিত প্রার্থীরা পরিবর্তনের ডাক নিয়ে প্রচার চালান।

রাজশাহীতে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন (তালা প্রতীক) এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহবায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল (আনারস প্রতীক)।

খুলনায় আওয়ামী লীগের মহানগর সভাপতি ও বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেকের (তালা প্রতীক) সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (আনারস প্রতীক)।

বরিশালের বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন টেলিভিশন এবং জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়েন।

সিলেটে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের আনারস এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরীর টেলিভিশনের মধ্যেই কেউ জয়ী হবে বলে ভোটাররা মনে করছেন।

এর পাশাপাশি সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রাজশাহীতে মোট ২২১ জন, খুলনায় ১৮২ জন, বরিশালে ২১১ জন এবং সিলেটে ১৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনকে ঘিরে চারটি নগরেই নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি ও কোস্ট গার্ডের প্রায় ২০ হাজার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করেন।

Image
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে শনিবার বৃষ্টির মধ্যে ভোট দিতে আসে ভোটাররা।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে শনিবার বৃষ্টির মধ্যে ভোট দিতে আসে ভোটাররা।

সকালে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ক্ষমতাসীন ও বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থীরাও। তবে পরবর্তীতে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে তখন আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দল সমর্থিতরা।

হট্টগোলে মৃত্যু

সকাল সোয়া ১০টার দিকে খুলনার খালিশপুরে ক্রিসেন্ট জুট মিল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে মিছিলের চেষ্টা হয়।

তখন র‌্যাব ধাওয়া করলে পালাতে গিয়ে আলম সর্দার (৫০) নামে এক ব্যক্তি হদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে জানান খুলনা মহানগরীর সহকারী পুলিশ কমিশনার মো. জয়নুদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউন্সিলর প্রার্থী শামসুল আলমের নির্বাচনী প্রতীক চাঁদ সম্বলিত প্রচারপত্র ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল একসঙ্গে কেন্দ্রের বাইরে ঘোরা-ফেরা করছিলো। এ সময় র‌্যাবের একটি গাড়ি এলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

ঘটনাস্থল থেকে নয় জনকে আটক করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

বরিশালে হাতাহাতি

দুপুরে বরিশালের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত শওকত হোসেন হিরন এবং বিএনপি সমর্থিত আহসান হাবিব কামালের উপস্থিতিতেই তাদের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এরপর ওই কেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুল কবির জানান, দুই মেয়র প্রার্থীর উপস্থিতিতে কেন্দ্র চত্বরের মধ্যেই তাদের সমর্থকরা বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। এক ঘণ্টা পর আবার ভোটগ্রহণ শুরু হয়।

কামালের নির্বাচনী সমন্বয়কারী ও সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার অভিযোগ করেন, হিরন সমর্থকদের হামলায় সাবেক এমপি আবুল হোসেন ও বিএনপি নেতা মাহমুদ নজরুল আহত হয়েছেন। আবুল হোসেনের বাঁ দিকের গাল থেকে রক্ত ঝরতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হিরনের নির্বাচনের নির্বাচন সমন্বয়কারী বলরাম পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামালের পক্ষের একজন ভুয়া পর্যবেক্ষক কার্ড নিয়ে কেন্দ্রের ভেতরে ঢুকে আনারস (কামালের প্রতীক) প্রতীকে ভোট দিতে চাপ দিচ্ছিলো। এর প্রতিবাদ জানালে তর্কাতর্কি থেকে হাতাহাতি হয়।

লিটন-বুলবুল কোলাকুলি

নির্বাচনের সকালে রাজশাহীতে এক কেন্দ্রে ভোট দেয়ার পর পরস্পরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী খায়রুজ্জামান লিটন ও মোসাদ্দেক হোসেন বুলবুল।

সকাল সাড়ে ৮টার দিকে নগরীর স্যাটেলাইট টাউন হাই স্কুল কেন্দ্রে উপস্থিত হলেও তখন ভোট দেননি বিরোধী দল সমর্থিত প্রার্থী বুলবুল। গত নির্বাচনে লিটনের কাছে পরাজিত বুলবুল সাংবাদিকদের বলেন, তার ‘বড় ভাই’ লিটনের জন্য অপেক্ষা করছেন তিনি। তার সঙ্গে ভোট দেবেন তিনি।

বুলবুল কেন্দ্রে যাওয়ার ১৫ মিনিট পর সেখানে যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদায়ী মেয়র লিটন। মা, স্ত্রী-সন্তানকে নিয়ে কেন্দ্রে যান তিনি। এরপর ওই কেন্দ্রের ৫ নম্বর কক্ষে ভোট দেন লিটন, বুলবুল ভোট দেন চার নম্বর কক্ষে।

ভোট দেয়ার পর তারা দুজনেই সাংবাদিকদের সামনে একসাথ হন।  লিটন ও বুলবুল উভয়ই বলেন, দুজনই সমৃদ্ধ রাজশাহী গড়ার স্বপ্ন দেখেন। রাজশাহীর উন্নয়নে তারা একসঙ্গে কাজ করবেন।

বুলবুল বলেন, “লিটন ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই।”

বুলবুলের বিষয়ে একই কথা বলেন লিটনও।

সিলেটে কর্মকর্তাকে প্রত্যাহার

এক ভোটারের সঙ্গে বাক-বিতণ্ডার পর সিলেটে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনের

সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা লুৎফুনেচ্ছার সঙ্গে এক ভোটারের কথা কাটাকাটি হয়।

ওই কর্মকর্তা ভুলবশত এক ভোটারকে দুটি ব্যালট পেপার দিলে তিনি একটি ব্যালটে ভোট দিয়ে অন্যটি ছিড়ে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কা-তর্কি হয়।

এ ঘটনার পর ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে কেন্দ্র থেকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয় বলে জানান তিনি।