২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ নগরে ভোটগ্রহণ শুরু

জাতীয় নির্বাচনের ছয় মাস বাকি থাকতে চার সিটি কর্পোরেশনের ১২ লাখেরও বেশি ভোটার শনিবার তাদের নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 06:47 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

পুরনো খবর:

একনজরে ভোটের হিসাব

প্রধান দুই রাজনৈতিক দলই স্থানীয় সরকারের ‘নির্দলীয়’ এ নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নেয়ায় রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট নগরীতে চলছে টান টান উত্তেজনা। 

শনিবার সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবেই ভোট শুরু হওয়ার খবর পাওয়া গেছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।

চার শহরের মেয়র হতে প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোট ১২ জন প্রার্থী। তবে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন।

রাজশাহীতে ভোটগ্রহণ শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়। উপশহর মডেল সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় এবং সাগরপাড়ার শাহ মখদুম কলেজ কেন্দ্রে সকাল ৮টায়ই দীর্ঘ লাইন দেখা যায়।

রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে কেন্দ্রে ভোটার উপস্থিত থাকলে এরপরও ভোট নেয়া হবে।

নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বলে আশা করছেন তিনি।

খুলনায় ভোটগ্রহণ শুরুরে সময় পাইনিয়র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লাইন দেখা যায়। এই কেন্দ্রেই ভোট দেবেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি ভোট দেবেন আলীয়া মাদ্রাসা কেন্দ্রে।

বরিশালে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোটকেন্দ্রে ভোটারদের সংখ্যা তুলনামূলক কম দেখা যায়।

নির্বাচনের আগে বরিশালে একজন মেয়র প্রার্থীর কর্মী গুলিবিদ্ধ, সিলেটে এক কাউন্সিলরকে মারধর এবং রাজশাহীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। কোথাও বড় কোনো গোলযোগ না ঘটায় উৎসবের আমেজেই এ ভোটযুদ্ধ শেষ হবে বলে নির্বাচন কমিশন আশা করছে।

অবশ্য চার সিটিতে স্থানীয় প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা ভোটারদের ‘ভয়ভীতি প্রদর্শন ও কালো টাকা’ ছাড়াচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

চারটি সিটি কর্পোরেশনেই সদ্য বিদায়ী মেয়ররা ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে আবারো নির্বাচনে অংশ নিচ্ছেন। আর বিএনপি সমর্থিত প্রার্থীরা দিচ্ছেন পরিবর্তনের ডাক।

রাজশাহীতে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন (তালা প্রতীক) এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহবায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল (আনারস প্রতীক)।

এ সিটি কর্পোরেশনের তৃতীয় প্রার্থী হাবিবুর রহমান লড়ছেন চশমা প্রতীক নিয়ে।

খুলনায় আওয়ামী লীগের মহানগর সভাপতি ও বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেকের (তালা প্রতীক) সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (আনারস প্রতীক)। আর জাতীয় পার্টি (এ) জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধু লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে।

বরিশালের বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন টেলিভিশন এবং জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ নগরীর তৃতীয় প্রার্থী মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের প্রতীক দোয়াত কলম।

সিলেটে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের আনারস এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরীর টেলিভিশনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয় ভোটাররা মনে করছেন। অপর প্রার্থী সালাহ উদ্দিন রিমনের প্রতীক তালা।

পাশাপাশি সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রাজশাহীতে মোট ২২১ জন, খুলনায় ১৮২ জন, বরিশালে ২১১ জন এবং সিলেটে ১৭৪ জন নির্বাচন করছেন।

প্রসঙ্গ সেনা মোতায়েন

নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। চার সিটি কর্পোরেশন এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত আছেন পুলিশ, র্যাব, আনসার-ভিডিপি ও কোস্ট গার্ডের প্রায় ২০ হাজার সদস্য।

তবে প্রশাসন ও পুলিশ ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করছে অভিযোগ করে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল বিএনপি।  

দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ শুক্রবার বলেছেন, সরকার ভোট জালিয়াতি, কেন্দ্র দখল ও ভোটের ফলাফল পাল্টে দিয়ে ক্ষতাসীন দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে চায় বলেই সেনা মোতায়েনের দাবি মানছে না।

পুলিশ ও প্রশাসনের ওপর ভোটারদের আস্থা নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

একই সুরে কথা বলেছেন চার সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থীরা। তাদের আশঙ্কা, সেনা মোতায়েন না হলে ভোট সুষ্ঠু হবে না।   

অবশ্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলে আসছেন, এখন পর্যন্ত সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি বলেছেন, ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার প্রয়োজনীয় সব ব্যবস্থাই কমিশন নিয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কর্মকর্তাদের সতর্ক করেছেন তিনি।

প্রধান দুই দলের বাকযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী মাঠে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়ার বিষয়টিকে ‘চ্যালেঞ্জ’ হিসাবেই দেখছে নির্বাচন কমিশন।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয় নির্বাচন বর্জনের হুমকি দিয়ে আসা বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠে নামায় আগেই তাদের অভিনন্দন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ক্ষমতাসীন দলের নেতারা।  

সরকার এ নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না জানিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শুক্রবার বলেছেন, বিএনপির 'পোষ্য বুদ্ধিজীবীরা' সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।

স্থানীয় নির্বাচন হলেও আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রচারণার দিনগুলোতে চার নগরী চষে বেরিয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নেতারা।

যুদ্ধাপরাধের বিচারে বিএনপি জামায়াত-জোটের বিরোধিতা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাম্প্রতিক দিনগুলোতে জামায়াতের সহিংসতার বিষয়গুলোও তাদের নির্বাচনী আলোচনায় এসেছে।     

অন্যদিকে বিএনপি নেতারা তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়কের বিষয়টিও এগিয়ে রেখেছেন প্রচারণায়। তাদের দাবি, ভোট সুষ্ঠু হলে চার সিটিতেই ভোটাররা সরকার সমর্থিত প্রার্থীদের প্রত্যাখ্যান করবে।  

ভোটের তথ্য

প্রায় ১২ লাখ ভোটারের চার সিটিতে রাজশাহীতে ১৩৭টি, খুলনায় ২৮৮টি, বরিশালে ১০০টি ও সিলেটে ১২৭টি ভোট কেন্দ্রে ভোট হচ্ছে এবার।

রাজশাহীতে ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন, খুলনায় ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন, বরিশালে ২ লাখ ১১ হাজার ২৫৭ জন এবং সিলেটে ২ লাখ ৯১ হাজার ৪৬ জন ভোটার ভোট দেবেন।

রাজশাহীতে সুভাষ চন্দ্র সরকার, খুলনায় মোস্তফা ফারুক, বরিশালে মুজিবুর রহমান ও সিলেটে এস এম এজহারুল হক রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

ব্যালট পেপারের পাশাপাশি প্রথমবারের মতো এবার ইভিএমেও ভোট হবে এ চার সিটিতে। প্রতিটি সিটির একটি করে সাধারণ ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে।

নিরাপত্তা ও পর্যবেক্ষণ

ভোটের আগে দুই দিন, ভোটের দিন ও পরের দিন মিলিয়ে চারদিনের জন্য আইন শৃঙ্খলাবাহিনীর  প্রায় ২০ হাজার সদস্যকে চার সিটি করপোরেশনে মোতায়েন রাখছে নির্বাচন কমিশন। চার শহরেই ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকেই চার নগরীর প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। ভোটের দিন যান চলাচল নিয়ন্ত্রণেরও ব্যবস্থা থাকছে। মোট ৬৫২টি কেন্দ্রের মধ্যে ৪২৮টিকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

ভোটের দিন চার সিটির মোট ৬৫২টি কেন্দ্রের প্রতিটিতে পুলিশ, আনসার, ভিডিপি ও এপিসির ২২ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ২৪ জন করে সদস্য নিয়োজিত থাকছেন। এছাড়া র‌্যাবের ৬০টি টিম, ১৭ প্লাটুন বিজিবি এবং খুলনা ও বরিশালে থাকছেন ৫ প্লাটুন কোস্ট গার্ড সদস্য।

৯১ জন নির্বাহী ও বিচারিক হাকিম ২০টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স নিয়ে মাঠে থাকবেন। ভোটের দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন তারা।

৪৫৭ জন দেশি এবং ১৯২ জন বিদেশি পর্যবেক্ষক এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। চার শহরে জড়ো হয়েছেন ৫ শতাধিক গণমাধ্যমকর্মী।

এছাড়া রিটার্নিং অফিসারের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক ভিজিলেন্স ও অবজারভেশন টিমও নিবাচনী এলাকাগুলোতে কাজ করছে।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সার্বিক বিষয় তত্ত্বাবধায়ন করছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, খুলনার তত্ত্বাবাবধায়নে আছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, বরিশালের দায়িত্বে নির্বাচন কমিশনার জাবেদ আলী এবং সিলেটে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ।

‘অগ্নি পরীক্ষা’

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জরুরি অবস্থার মধ্যে ২০০৮ সালের ৪ আগস্ট ছবিসহ ভোটার তালিকায় রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন হয়।

বিএনপি বর্জনের ঘোষণা দিলেও স্থানীয় বিএনপি নেতারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ওই নির্বাচনে অংশ নেন। তাতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই জয়ী হন।

পাঁচ বছর পর এবার এ নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বিএনপি-আওয়ামী লীগ দুই দলই। এই নিবাচনে জয়ী হতে পারলে আগামী জাতীয় নির্বাচনে মানসিকভাবে এক ধাপ এগিয়ে থাকা যাবে বলে দুই দলই মনে করছে। বিশ্লেষকরা এ নির্বাচনকে দেখছেন জাতীয় নির্বাচনের আগে দুই দলের ‘অগ্নি পরীক্ষা’ হিসাবে।  

আর জাতীয় নির্বাচন সামনে রেখে একদিনেই চার শহরের এই নির্বাচনকে নির্বাচন কমিশনও ‘চ্যালেঞ্জ’ হিসাবে নিয়েছে।

বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের সময় কমিশনে থাকা নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনেউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যখন নির্বাচনটি করেছিলাম তখন অনেকটা একতরফা নির্বাচন হয়েছিল। এবার এমন এক সময়ে নির্বাচন হচ্ছে যখন বিরোধী দল তাদের শক্তি, জনপ্রিয়তা ও আন্দোলনের প্রভাব যাচাই করতে চাইবে। আর ক্ষমতাসীন দলও তাদের কর্মকাণ্ডের জনপ্রিয়তা যচাইয়ের সুযোগ হিসাবে দেখবে এ নির্বাচনকে। তত্ত্বাবধায়ক সরকার ও রাজনৈতিক সরকারের জনপ্রিয়তার তফাত বুঝতে পারবে দুই দলই।”