চক্রান্ত আছে: আরিফুল
জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও তা ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র ক্রিয়াশীল বলে অভিযোগ করেছেন সিলেট সিটি কর্পোরেশনে বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
শনিবার সকাল ৮টায় ভোট শুরুর আধা ঘণ্টা পর নগরীর রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর আরিফুল সাংবাদিকদের বলেন, “আমার বিজয়কে ছিনিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র- চক্রান্ত চলছে।”
তবে জনগণ ভোটের মাধ্যমে ওই সব চক্রান্তের জবাব দেবে বলে মনে করেন তিনি।
জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, “আমি আশা করছি, ভোট যদি শান্তিপূর্ণভাবে হয় তাহলে বিজয়ী হবো।”
ভোট দেয়ার পর নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী।
অবশ্য নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন আরিফুলের প্রধান প্রতিদ্বন্দ্বী বদরউদ্দীন আহমেদ কামরান।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী বলেন, ভোট সুষ্ঠুভাবে চলছে।
“সকাল থেকে যতগুলো কেন্দ্রে গিয়েছি সব জায়গায় শান্তিপূর্ণ ভোটের পরিবেশ দেখেছি।”
জয়ের ব্যাপারে আশাবাদী সদ্য বিদায়ী এই মেয়র বলেছেন, জনগণের রায় তিনি মাথা পেতে নেবেন।
সিলেটে মেয়র পদে ১৮ দলীয় জোটের সমর্থনে কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সম্মিলিত নাগরিক জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী টেলিভিশন প্রতীক নিয়ে লড়ছেন।
ক্ষমতাসীন মহাজোটের সমর্থন নিয়ে নাগরিক কমিটির প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের প্রতীক আনারস।
মেয়র পদে বাকি প্রার্থী ব্যবসায়ী সালাহ উদ্দিন রিমনের প্রতীক তালা।
সাধারণ ওয়ার্ডে ১৩৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩৫ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেটে মোট ভোটার ২ লাখ ৯১ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩৩ হাজার ৮৬৫ এবং পুরুষ ১ লাখ ৫৭ হাজার ১৮১ জন।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকতা এস এম এজহারুল হক এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
