এইবার জিতব: চা বিক্রেতা মিনু
গত সিটি কর্পোরেশন নির্বাচনে সাড়ে ১২ হাজার ভোট পেয়ে হেরে গেলেও এবার জয়ের ব্যাপারে আশাবাদী খুলনার কাউন্সিলর প্রার্থী মিনু হাওলাদার, যার নির্বাচনের সব খরচ যুগিয়েছে এলাকার মানুষ।
এই আসনের ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষই মিনুকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। নিজেরা চাঁদা তুলে সেই টাকা দিয়ে নির্বাচনের প্রচার থেকে শুরু করে সব খরচ যুগিয়েছেন তারাই।
হরিণ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে সামিল স্বতন্ত্র প্রার্থী মিনুর চায়ের দোকানটাই হয়ে ওঠে তার নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয়।
ভোটের আগের দিন শুক্রবার সকালে নগরীর গ্লাক্সো মোড়ে অবস্থিত এই দোকানে বসেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন মিনু।
এবার নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মিনু।
“আগেরবার সাড়ে ১২ হাজার ভোট পেয়েও হারছি। এবার এইটা হবে না। আমি গরীব। সব গরীব মানুষরা আমার পক্ষে আছে।”, বলেন তিনি।
নির্বাচনে কেন আসলেন জানতে চাইলে তিনি বলেন, “এই এলাকায় অনেকদিন চায়ের দোকান চালানোর সুবাদে আমারে লোকজন কমবেশি চিনতো। কিন্তু নির্বাচন করার সামর্থ্য তো আমার নাই। বিয়ে-শাদীও করি নাই। একা মানুষ। এলাকাবাসীর আগ্রহেই আমার নির্বাচনে আসা। নির্বাচনের প্রচার থেকে শুরু করে সবকিছু তারাই করছেন।”
স্বতন্ত্র প্রার্থী হিসাবেই গত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের কাছে ‘অল্প’ কিছু ভোটের ব্যবধানে হেরে যান মিনু। ওইবারও তার নির্বাচনী খরচ যোগানোসহ সব দায়িত্ব নেন এলাকার মানুষ।
মিনুর পক্ষে প্রচারণা চালানোর দলে আছেন শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, রিকশাওয়ালা থেকে শুরু করে গৃহিণী পর্যন্ত।
মিনুর পক্ষে প্রচার চালিয়েছেন সুন্দরবন কলেজের শিক্ষার্থী তানভীর হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কাউন্সিলরদের কাছে আসলে গরীব মানুষই যায়। তাদেরকে মধ্যবিত্তদেরও লাগে না, বড়লোকদেরও লাগে না। আমাদের আগের অভিজ্ঞতা ভালো না। আগের কাউন্সিলরদের কাছে কোনো গরীব মানুষ পৌঁছাতে পারেনি।”
একই কথা বলেন মিনুর আরেক সমর্থক ৩১ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র ব্যবসায়ী সেলিম।
“সে গরীব মানুষ। গরীবের দুঃখ বোঝে। সে যদি নেত্রী হতে পারে আমরা তার কাছে যেতে পারবো,” বলেন তিনি।
এলাকার একজন গৃহিণী মনা মাসীকে দেখা যায় মিনুর পক্ষে ভোট চাইতে।
তিনি বলেন, “তারে (মিনু) আপনার মানুষ লাগে। আমাগোর কথা তো অন্য কেউ শুনতে চায় না।”
নগরীর হাজী মহসীন কলেজের অনার্সের শিক্ষার্থী মো. ইমরান শেখ বলেন, “জনপ্রতিনিধি তো সাধারণ মানুষের জন্য। মিনু আপা আক্ষরিক অর্থেই সাধারণ মানুষের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন।”
২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক আতিয়ার বৃহস্পতিবার রাত পর্যন্ত নিজের রিকশা করে মাইকিং করেছেন মিনুর পক্ষে।
মিনুর জয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আমার বিধবা বোনের জন্য একটা কার্ড করাইতে গেছিলাম আগের কাউন্সিলরের কাছে। দেয় নাই। ভোট আসলে তাদের পাওয়া যায়। এরপর আর চিনে না।”
“আগেরবার মিনু আপার একটুর জন্য হয় নাই। এইবার হবে ইনশাআল্লাহ।”
