২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিলেটে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হচ্ছে’

নির্বাচনের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটে অবস্থান করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 04:33 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

শুক্রবার সন্ধ্যায় সিলেটের শহীদ মিনার সংলগ্ন শ্যামলী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী সচিব এবং সিলেট সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আবুল কাহের শামীম বলেন, “নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে কতিপয় মন্ত্রী সিলেটে আসা-যাওয়া করছেন। আমরা শুনেছি অর্থমন্ত্রী এখনো সিলেটে অবস্থান করছেন।”

“মন্ত্রীদের এ ধরনের আচরণ এবং বিশেষ করে অর্থমন্ত্রীর সিলেটে অবস্থান করাটা স্পষ্টতই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। কারণ তার এই অবস্থান নির্বাচনকে প্রভাবিত করতে পারে।”

এ নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন মহাজোটের সমর্থন নিয়ে নাগরিক কমিটির প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান লড়ছেন আনারস নিয়ে। ১৮ দলীয় জোটের সমর্থনে কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সম্মিলিত নাগরিক জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী টেলিভিশন প্রতীক নিয়ে লড়ছেন।

এছাড়া অপর প্রার্থী ব্যবসায়ী সালাহ উদ্দিন রিমনের প্রতীক তালা।

শামীম অভিযোগ করেন, “আমরা জানতে পেরেছি, ছাত্রলীগের চিহ্নিত অস্ত্রধারীরা ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। গত ১ মাস ধরেই এরা প্রকাশ্যে সিলেট শহরে ঘুরে বেড়াচ্ছে।”

“আমরা এ বিষয়টি শুরুতেই প্রশাসনকে অবহিত করেছিলাম। কিন্তু কোন প্রতিকার হয়নি। আজ আমরা আবারো নির্বাচন কমিশনকে এ বিষয়টি জানিয়েছি।”

তিনি বলেন,“সিলেটে ইতিপূর্বে কখোনো নির্বাচনের সময় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তাই এবারের নির্বাচনেও কোনো ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড জনগণ প্রত্যাশা করে না।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক আতাউর রহমান পীর, সিলেট বিএনপির জৈষ্ঠ সহসভাপতি এবং সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী প্রমুখ।

২০০২ সালে যাত্রা শুরু করা এ সিটি কর্পোরেশনে মোট ভোটার ২ লাখ ৯১  হাজার  ৪৬ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩৩ হাজার ৮৬৫ এবং পুরুষ ১ লাখ ৫৭ হাজার ১৮১ জন।