উৎসবমুখর পরিবেশে ভোট হবে: ইসি সচিব
চার সিটি করপোরেশনে উৎসবমুখর পরিবেশে ভোটের আশা করছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক।
শুক্রবার বিকালে শেরে বাংলানগরে ইসি সচিবালয়ে ভোটের সার্বিক প্রস্তুতির বিষয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
নির্বিঘ্নে ভোট দেয়ার ব্যবস্থা হয়েছে জানিয়ে মোহাম্মদ সাদিক বলেন, “আশা করি উৎসবমুখর পরিবেশেই শনিবার চার সিটি করপোরেশনে ভোট হবে।”
তবে শেষ মুহূর্তে প্রার্থী-সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের তা রিটার্নিং কর্মকর্তাদের জানানোর পরামর্শ দেন তিনি।
নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে সচিব বলেন, “সব প্রস্তুতি নেয়া হয়েছে। তারপরও প্রতিটি নির্বাচন থেকেই নতুন নতুন অভিজ্ঞতা হয় আমাদের। আমরা নতুন কিছু শিখি।”
মোহাম্মদ সাদিক জানান, ইতোমধ্যে সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে। পাশাপাশি ভোটগ্রহণে ৬৫৩ জন প্রিজাইডিং অফিসার, ৩৮০৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭৬১৮ জন পোলিং অফিসার রয়েছে। ভোট কেন্দ্রে এবং নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব এবং আনসার ভিডিপি মোতায়েন করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্রে সীমিত আকারে ওয়েবক্যাম স্থাপন করা হয়েছে উল্লেখ করে সচিব জানান, শনিবার ভোটের দিন সিইসি ও অন্য চার নির্বাচন কমিশনার ইসি থেকেই ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
