বরিশালে অস্ত্রসহ বিএনপিকর্মী গ্রেপ্তার
বরিশালে অস্ত্রসহ হত্যা মামলার আসামি এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব, যাকে নিজেদের কর্মী বলে দাবি করেছে বিএনপি।
শুক্রবার বিকালে নগরীর পলাশপুর এলাকা থেকে অস্ত্রসহ সাইদুল ইসলাম পলোকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর ১নং কোম্পানি কামান্ডার ক্যাপ্টেন আবুল বাশার সাংবাদিকদের জানান, পলোকে বিকাল সাড়ে ৫টায় গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ছাত্রলীগ নেতা ভিপি ফারুক হত্যা মামলার এ আসামি। তাকে ধরার জন্য চেষ্টা করছিল র্যাব।
“এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়”, যোগ করেন ক্যাপ্টেন বাশার।
তবে পলোকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন ১৮ দলের মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের প্রধান নির্বাচনী এজেন্ট এবায়দুল হক চাঁন।
বিএনপি নেতা এবায়দুল হক চাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলো বিএনপিকর্মী। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী যে বিএনপিকর্মীদের হয়রানি করছে, এটা তারই প্রমাণ।
