২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম

সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে দেশের চার নগরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের ৬৫২টি কেন্দ্রে ব্যালট বাক্সসহ ভোটের সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 07:01 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টায় চার সিটি কর্পোরেশন এলাকায় সব ধরনের প্রচার শেষ হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নতুন মেয়র নির্বাচনে ভোট দেবেন ১২ লাখেরও বেশি ভোটার।

এবার প্রতিটি সিটির একটি করে ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে। 

রাজশাহী থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, শুক্রবার সকাল ১০টা থেকে লক্ষ্মীপুরে রাজশাহী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরঞ্জাম বিতরণ শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীকেও সেখান থেকেই তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে। এই স্কুলের পাশেই জেলা রিটার্নিং কর্মকর্তার আঞ্চলিক কার্যালয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, ভেটের সরঞ্জাম নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক প্রিজাইডিং কর্মকর্তাকে একটি গাড়ি দেয়া হয়েছে। একজন পুলিশ সদস্যও গাড়িতে থাকছেন।

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মোট ১৩৭টি কেন্দ্রের মধ্যে ১০৪টি ঝুঁকিপূর্ণ বলে জানান সুভাষ চন্দ্র।

“ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২৪ জন ও বাকি কেন্দ্রে ২২ জন সদস্য দায়িত্ব পালন করবেন।”

নির্বাচন উপলক্ষ্যে রাজশাহীতে মোট সাড়ে চার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে নয়টি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে।

নির্বাচনের দিন র্যর‌্যাবের ৩০টি মোবাইল টিম ও ৮টি পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে। এপিবিএস, এপিবিএন ও ৫ প্লাটুন বিজিবিও মোতয়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, খুলনায় ভোটের সরঞ্জাম বিতরন করা হচ্ছে জিলা স্কুল মাঠ থেকে। 

এই সিটি কর্পোরেশনের সহকারী রিটার্নিং কমকর্তা রুহুল আমীন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্যাড, অমোচনীয় কালি, ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ অন্যান্য  উপকরণ প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেয়া হচ্ছে।

খুলনায় আট নম্বর ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রে ৬ হাজার ২৩৭ জন ভোটার এবার ইভিএমে ভোট দেবেন। 

সিলেটে নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে আলমপুরে নির্বাচন কমিশনের বিভাগীয় কার্যালয় থেকে।

সহকারী রিটার্নিং কর্মকতা মনির হোসেন জানান, সকাল ১০টায় শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে ১২টার দিকে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়। 

সিলেটে এবার মোট ১২৮টি কেন্দ্রে ভোট হচ্ছে। ভোট দেবেন ২ লাখ ৯১ হাজার ৪৬ জন ভোটর।

বরিশালের রিটার্নিং কর্মকতা মো. মুজিবুর রহমান জানান, সিঅ্যান্ডবি রোডে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে বেলা সাড়ে ১২টায় ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

২ লাখ ১১ হাজার ২৫৭ জন ভোটার ১০০টি ভোট কেন্দ্রে ভোট দেবেন শনিবার।

প্রতিটি সিটি কর্পোরেশনে তিনজন করে মোট ১২জন প্রার্থী মেয়র হওয়ার লড়াইয়ে নেমেছেন এবার। জাতীয় নির্বাচনের ছয় মাস বাকি থাকতে চার সিটি কর্পোরেশনের এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।