পাভেল হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩
ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম পাভেলকে অপহরণের পর ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
তিনজনকে গ্রেপ্তারের পর বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলেছে, পরিকল্পিতভাবে পাভেলকে হত্যা করা হয় এবং হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- জাহাঙ্গীর(২৩),ফয়সাল(২৩) ও ফরহাদ(১৯)।
বুধবার রাতে জাহাঙ্গীরকে ঢাকার রায়ের বাজার, ফয়সালকে নীলক্ষেত এবং ফরহাদকে নরসিংদীর আদিয়াবাদ কান্দাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী।
গত বছরের ২৬ ডিসেম্বর বিকালের পর থেকে পাভেলকে খুঁজে পাওয়া না গেলে তার মা ছোলেমা আক্তার এ বছরের ২ জানুয়ারি নিউ মার্কেট থানায় আপহরণ মামলা দায়ের করেন।
ঘটনার ছয় মাস পর পাভেলকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হলো পুলিশ।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, পাভেলের ফেইসবুক স্ট্যাটাস দেখেই প্রধানত গোয়েন্দা পুলিশের সদস্যরা খুনিদের গ্রেপ্তার করেছে।
নিখোঁজ হওয়ার আগে পাভেল তার ফেইসবুক পাতায় স্ট্যাটাসে লিখেছিলেন, জাহাঙ্গীরের সঙ্গে ঢাকার বাইরে যাচ্ছেন তিনি।
পুলিশ জানায়, নরসিংদীর এক হুজুর ব্যবসার টাকা দ্বিগুণ করে দিতে পারে বলে জাহাঙ্গীর তার পরিচিত পাভেলকে জানায়। তখন ১৮ লাখ টাকা জোগাড় করে জাহাঙ্গীরের সঙ্গে নরসিংদী রওনা হয় পাভেল।
পাভেল ও জাহাঙ্গীরের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন এবং তারা এক সময় নীলক্ষেত কলোনিতে থাকতেন।
মনিরুল বলেন, পাভেলকে কিছু খাইয়ে তন্দ্রাচ্ছন্ন করে শ্বাসরোধে হত্যা করে জাহাঙ্গীর, ফয়সাল ও ফরহাদ।
পাভেলের মা ছোলেমা আক্তার বলেন, পাভেল নিখোঁজের চার দিন পর মোবাইলে একটি এসএমএস পাই। সেখানে পাভেলের পরিচয় ব্যবহার করে বলা হয়, “মা, আমি তোমাকে না বলে তোমাদের টাকা নিয়ে গেছি। আমি বিয়ে করেছি। আমাকে ফোন দিও না”।
এরপর ওই নম্বরে বারবার ফোন করলেও কেউ তা না ধরায় সন্দেহ হওয়ায় মামলা করেন ছোলেমা।
গোয়েন্দা কর্মকর্তা মনিরুল বলেন, খুনিরা নরসিংদীর আদিয়াবাদ কান্দাপাড়া কবরস্থানে পাভেলকে খুনের পর কবরও দেয়।
পাভেলকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয় দাবি করে তিনি বলেন, গ্রেপ্তার যুবকরা অারো অপরাধ করে থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। এজন্য তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চাওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএম/০০১৮ ঘ.
