২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন: ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

চার সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাহী হাকিমের ক্ষমতা নিয়ে কাজ করবেন প্রশাসনের ৫১ জন কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 06:24 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

তারা অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে আগামী ১৬ জুন পর্যন্ত কাজ করবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে।

অন্যদিকে আগামী শনিবার অনুষ্ঠেয় এই নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখতে মনিটরিং সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা শুক্রবার রাত থেকে কাজ শুরু করবে।

রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনে আগামী শনিবার ভোটগ্রহণ হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বুধবার রাতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন নির্বাহী হাকিমরা।

রাজশাহী, বরিশাল ও সিলেটে ১২ জন করে এবং খুলনায় ১৫ জন নির্বাহী হাকিম দেয়া হয়েছে।

এদিকে আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯ জন নির্বাহী হাকিম কাজ করবেন বলে মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মনিটরিং সেলের বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকিতে এই সেল শুক্রবার রাত থেকে কাজ শুরু করবে।

ইতিমধ্যে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোথাও কোনো সমস্যা হলে বা অতিরিক্ত বাহিনী প্রয়োজন হলে মনিটরিং সেল থেকে তাৎক্ষণিক নির্দেশনা দেয়া হবে।

ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এই সেল কাজ করবে বলে জানান কামাল উদ্দিন।