২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিটন রাজাকারের নাতি’

‘রাজাকারের সন্তান’ বলার প্রতিক্রিয়ায় জাতীয় নেতা এএইচএম কামরুজ্জামানের ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটনকে ‘রাজাকারের নাতি’ বলেছে তার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী ক্যাম্প।

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী বুলবুলকে ‘রাজাকারের সন্তান’ আখ্যায়িত করেছিলেন রাজশাহীর মুক্তিযোদ্ধা সংসদের এক নেতা।

ওই বক্তব্যের নয় ঘণ্টা পর লিটনকে ‘রাজাকারের নাতি’ আখ্যায়িত করে বিবৃতি দেয় সম্মিলিত নাগরিক ফোরাম, যার ব্যানারে প্রার্থী হয়েছেন বুলবুল।

বিবৃতিতে বলা হয়, “এএইচএম খায়রুজ্জামান লিটনের দাদা আব্দুল হামিদ মিয়া ১৯৭১ সালে রাজশাহীতে পিসকমিটি গঠনের মূল উদ্যোক্তা ছিলেন। তিনি রাজশাহী জেলা শান্তি কমিটির চেয়ারম্যানের পদ নেন।

“আব্দুল হামিদ মিয়া পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকার-আলবদর বাহিনী এবং শান্তি কমিটির সেক্রেটারি আয়েনউদ্দিনের পরামর্শ ও সহযোগিতায় কাজ করতেন।”

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের মন্ত্রী এএইচএম কামরুজ্জামান ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। মুক্তিযুদ্ধের নেতৃত্বদাতাদের অন্যতম এই ব্যক্তিকে ১৯৭৫ সালে কারাগারে হত্যা করা হয়।

নাগরিক ফোরামের সভাপতি অধ্যাপক এম রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “আওয়ামী-বাম ঘরানার কয়েকজন মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলনে বুলবুলের পিতা রাজাকার ছিলেন বলে অভিযোগ করেছেন, যা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলকভাবে চরিত্র হননকারী।

“লিটনের শ্বশুর গোষ্ঠীর বিরুদ্ধেও রাজাকার সংশ্লিষ্টতার অভিযোগ আছে এবং তাকে রাজাকারের নাতি ও জামাই বলা চলে, কিন্তু আমরা সেকথা বলতে চাচ্ছি না।”

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, “বুলবুল একজন রাজাকারের সন্তান। তার বাবা আব্দুল মজিদ শান্তি কমিটির সক্রিয় নেতা ছিলেন। এ বিষয়ে ওই এলাকার মুক্তিযোদ্ধারা পত্রিকায় বিবৃতিও দিয়েছেন।”