ব্যস্ত প্রার্থীদের শেষ মুহুর্তের ‘সালাম’
নির্বাচনী প্রচার-প্রচারণায় শেষ দিনে সিলেটের মেয়র প্রার্থীরা ভোটারদের সঙ্গে অনেকক্ষেত্রে হাত মেলানোরও সময়-সুযোগ পাচ্ছেন না; ফলে সালাম জানিয়েই এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটারদের কাছে পৌঁছাতে হচ্ছে তাদের।
মহাজোটের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বৃহস্পতিবার সকালে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দিন শুরু করেন।
পরে তিনি গণসংযোগ করেন নগরীর নাইওরপল, যতরপুর, দক্ষিণ সুরমা, কাজিরগাও, বারুতখানা ও জেলরোড এলাকায়। বিকালে তিনি কয়েকটি পথসভায়ও বক্তব্য রাখেন।
অপরদিকে সকাল সাড়ে ৯টায় ১৮ দলের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে তার প্রচারণা শুরু করেন।
পরে একে একে কলবাখানি, কুমারপাড়া, কেওয়াপাড়া, চাষনীপীর, খাসদবীর গোয়াইটুলা, আম্বরখানা বড়বাজার, মির্জাজাঙ্গাল, জল্লাপাড় ও দাড়িয়া পাড়া এলাকায় গণসংযোগ করেন আরিফুল। বিকালেও পথসভায় যোগ দেন এ বিএনপি নেতা।
আর শেষ মুহুর্তের একটু সময়ও বিফলে যেতে দিতে চান না প্রার্থীরা। দুই প্রার্থীই তাদের শেষ প্রচারণায় ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।
সিলেট মহানগরীতে মোট ভোটার ২ লাখ ৯১ হাজার ৪৬ জন। ২৭টি ওয়ার্ডের ১২৭টি কেন্দ্রে ভোটাররা ভোট দেবেন। প্রথমবারের মতো মহানগরীর ২ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
নির্বাচনে মেয়র পদে তিন জন, কাউন্সিলর পদে ১৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী লড়ছেন।
