২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতে বকেয়া ৩২০০ কোটি টাকা: মন্ত্রী

বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলো ব্যক্তি পর্যায়ে এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে প্রায় তিন হাজার ১৯৯ কোটি পায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 01:38 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে পঞ্চগড়-২ আসনের সাংসদ মো.নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, সরকারি ও স্বায়ত্তাশাসিত প্রতিষ্ঠানগুলোর কাছে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর মোট পাওনা সাতশ’ ৪০ কোটি ১৯ লাখ টাকা।

লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ মো.আবুল খায়ের ভূঁইয়ার প্রশ্নের জবাবে এনামুল হক জানান, বর্তমান সরকারের সময়ে মোট তিন হাজার ৮৭০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মোট ৫৫টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ ছাড়া ছয় হাজার ২২৪ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে বলে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে তিনি জানান। ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবদিনদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দেশের ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় প্রায় দুই লাখ ৪০ হাজার লাইন নির্মাণের মাধ্যমে প্রায় ৫০ হাজার গ্রামের ৯৪ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

আমিনা আহমেদের প্রশ্নের জবাবে এনামুল হক জানান, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য সারাদেশে পাঁচ লাখ ৩৬ হাজার আবেদন করা হয়েছে।

মোট পত্রিকা ৫৯২টি

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাহিদা তারেখ দীপ্তির প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী হাসানুল হক ইন জানান, দেশে পাঁচশ’ ৯২টি দৈনিক পত্রিকা রয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আশরাফুন নেছা মোশারফের প্রশ্নের জবাবে ইনু জানান, মোট ২৭টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনাপত্তি দেয়া হয়েছে। এরমধ্যে দুটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেলে টকশো বা সংবাদ প্রচারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলেও জানান তিনি।

ইনু আরো জানান, বর্তমান সরকারের সময়ে মাই টিভি, এটিএন নিউজ, মোহনা টেলিভিশন, সময় টেলিভিশন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, ৭১ টেলিভিশন, চ্যানেল ৯, চ্যানেল ২৪, জিটিভি, এসএ টিভি এবং এশিয়ান টিভির অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া গানবাংলা এবং দীপ্ত বাংলা নামে দু’টি চ্যানেল পরীক্ষামূলক সম্প্রচারের অপেক্ষায় রয়েছে।

এদিকে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আশরাফুন নেছা মোশারফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন, বর্তমান সরকারের সময়ে দুশ’ ২২টি আইন প্রণয়ন করা হয়েছে।