পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে থানায় হামলা, ভাঙচুর
লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে বৃহস্পতিবার এলাকাবাসী থানা ও হাসপাতালে হামলা চালিয়েছে।
তবে পুলিশের দাবি রিকশাচালক জয়নাল আবেদিন (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জয়নাল আবেদিনের মা সৈয়দ নেছা অভিযোগ করেন, যৌতুকের একটি মামলায় বুধবার রাত একটার দিকে রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামের নিজ বাড়ি থেকে ছেলে জয়নালকে সুস্থ অবস্থায় ধরে নিয়ে যায় পুলিশ।
“সকালে বাড়িতে খবর দেয়া হয়, জয়নার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”
পেশায় রিকশাচালক জয়নাল আবেদিনকে টাকার জন্য নির্যাতন করে পুলিশ মেরে ফেলে বলে অভিযোগ করেছেন তার বৃদ্ধা মা।
জয়নালের মেয়ে শাহীনুর আক্তার এবং চাচাত বোন শিল্পী আক্তারসহ তার অন্যান্য স্বজনরাও একই অভিযোগ করেছেন।
রায়পুর থানার ওসি (তদন্ত) নাসির আহম্মদ বলেন, আসামি জয়নাল আবেদিন থানা হাজতের ভেন্টিলেটরের সঙ্গে গায়ের গেঞ্জি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাসুদুল হকের নেতৃত্বে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষের উপস্থিতিতে লাশের সুরত হাল প্রতিবেদন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সকাল ১১টা থেকে সড়কে গাছ ফেলে রায়পুর-ঢাকা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এ সময় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রায়পুর থানায় ভাঙচুর চালায়।
ঘটনার সঠিক বিচারের আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।
