২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিকদের পক্ষে শ্রম আইন সংশোধন হচ্ছে

শ্রম আইন-২০০৬ সংশোধনের জন্য জাতীয় সংসদে উত্থাপিত বিলে মালিকদের স্বার্থ রক্ষার প্রস্তাব করা হয়েছে বলে মনে করেন শ্রমিক নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 01:21 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

সংসদে উত্থাপিত বিলটি আইনে পরিণত হলে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার খর্ব হবে বলে অভিযোগ করেন তারা।

বৃহস্পতিবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০১৩ এর সংশোধনীর নিয়ে আয়োজিত এক গণশুনানিতে এসব কথা বলেন শ্রমিক নেতারা।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আয়োজনে এই গণশুণানিতে বিলে মালিকের অসদাচরণের জন্যও শাস্তির বিধান রাখার দাবি জানান তারা।

গত ৫ জুন শ্রমমন্ত্রী মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বিলটি সংসদে উত্থাপন করার পর তা পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। পরীক্ষার অংশ হিসেবে সংশ্লিষ্টদের মত নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

শুনানিতে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতা মুজিবুর রহমান ভূইয়া বলেন, কোম্পানির পাঁচ শতাংশ নিট মুনাফা শ্রমিক কল্যাণে দেয়ার বিধান রাখা হয়েছে। তবে রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।

“এর মানে দাঁড়ায় গার্মেন্টস শিল্পখাতের শ্রমিকরা মুনাফার অংশ পাবেন না।”

এটাকে ‘মালিক তুষ্টির আইন’ আখ্যা দিয়ে তিনি বলেন, “সংবিধানে বলা হয়েছে সকল নাগরিক আইনের চোখে সমান। কিন্তু সংশোধিত আইনে এ বিধান মানা হয়নি।”

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, “বিলে অসদাচরণের যে সংজ্ঞা দেয়া হয়েছে, তাতে কারখানা বা কারখানার বাইরের যে কোনো ঘটনায় শ্রমিকের উপর দোষ চাপাতে পারবে মালিক। এটা চূড়ান্ত রকমের অগণতান্ত্রিক কালো আইনের দৃষ্টান্ত।”

প্রস্তাবিত আইনে সরকারি ও বেসরকারি শ্রমিকদের মধ্যে বৈষম্য করা হয়েছে হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

রতন বলেন, “যেখানে সরকারি প্রতিষ্ঠানে বছরে দুটি গ্রাচ্যুইটির বিধান আছে। সেখানে বেসরকারি শ্রমিকদের ১২ বছর পর্যন্ত চাকরি করলে একটা গ্রাচ্যুইটির বিধান প্রস্তাব করা হয়েছে।”

তিনি বলেন, “গার্মেন্টস খাত হচ্ছে এখন মূল শিল্পখাত। অথচ নিট মুনাফার সুবিধা থেকে এই খাতকে বাদ দেয়া হয়েছে।”

মুনাফার পাঁচ ভাগ সরাসরি শ্রমিকদের দেয়ারও দাবি জানান এই শ্রমিক নেতা।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, নিট মুনাফার পাঁচ শতাংশ ৮০:১০:১০ অনুপাতে অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়ার বিধান রাখা হয়েছে।

স্বাধীন বাংলা গার্মেন্টস কর্মচারী লীগের সভাপতি শামীমা নাসরিন বলেন, বিলে শ্রমিকের অসদাচরণে শাস্তি হিসাবে কারদণ্ডের সাজার বিধান আছে। কিন্তু মালিকের ক্ষেত্রে শুধু অর্থদণ্ড রাখা হয়েছে।”

মালিকদের অসদাচরণের জন্যও কারাদণ্ডের বিধান করার দাবি জানান শামীমা।

এছাড়া প্রস্তাবিত আইনে কারখানায় ‘পার্টিসিপেটরি কমিটি’র বিধানকে ট্রেড ইউনিয়ন অধিকারের পরিপন্থী বলে তা বাতিলের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। 

চট্টগ্রামের একটি শ্রমিক সংগঠনের নেতা চন্দন কুমার দে বলেন, “অংশগ্রহণমূলক কমিটি থাকলে সেখানে ট্রেড ইউনিয়ন হবে না। মালিকরাই এটা করতে দেবে না।”

সংসদে উত্থাপিত বিলের ৫৪ দফায় বলা হয়েছে, ট্রেড ইউনিয়ন গঠিত না হওয়া পর‌্যন্ত অংশগ্রহণকারী কমিটির শ্রমিক প্রতিনিধিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যৌথ দরকষাকষি কার্যক্রম পরিচালনা করতে পারবে।