২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ‘সুযোগে’ রাবিতে শিবির

সিটি কর্পোরেশন নির্বাচনের ‘সুযোগে’ দীর্ঘ আট মাস পর ফের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোডাউন করেছে ইসলামী ছাত্র শিবির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 10:40 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বৃহস্পতিবার দুপুরে শিবির নেতারা ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারপত্র বিলি করেন।

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে ইসলামী ছাত্র শিবিরের একদল কর্মী টুকিটাকি চত্ত্বরে এসে নিজ সংগঠনের পরিচয় দিয়ে ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ রানার হাতে প্রচারপত্র তুলে দেয়।

সম্মিলিত নাগরিক ফোরাম ও ১৮ দলের সমর্থিত মোসাদ্দেক হোসেন বুলবুলের ওই প্রচারপত্র বিলি করে শিবির নেতাকর্মীরা।

তিনি আরো বলেন, “শনিবার রাসিক নির্বাচন থাকায় আমরা তাদেরকে সুযোগ দিয়েছি। এরপর ক্যাম্পাসে ঢুকলে তাদের ছাড় দেয়া যাবে না।”

২০১২ সালের ৪ অক্টোবর ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংর্ঘষের পর চলতি বছরে বিশ্ববিদ্যালয়ে এটিই তাদের প্রকাশ্য কর্মসূচি।

এদিকে প্রচারপত্র বিলি করে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পর দুপুর ২টার দিকে পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঘটনার সত্যতা স্বীকার করে মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার এমনিতে ক্যাম্পাসে শিক্ষার্থী কম ছিল। একদল ছাত্র ক্যাম্পাসে দল বেধে নির্বাচনের প্রচারণা চালিয়েছে, তারা ইসলামী ছাত্র শিবির কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক রয়েছে বলেও জানান তিনি।

শিবিরকর্মী আটকের বিষয়ে তিনি বলেন, এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বিষয়টি শুনেছেন। এটি নিয়ে কোন অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক রয়েছে প্রমাসন।