২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির প্রমাণ দিলে ‘সরে যাবেন’ খালেক

খুলনা সিটি কর্পোরেশনে দায়িত্ব পালনের সময় দুর্নীতির কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন সদ্য বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক।

আশিক হোসেন

ও মামুনুর রশীদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 09:41 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

নির্বাচনী প্রচারাভিনের শেষ দিন বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মহাজোট সমর্থিত প্রার্থী খালেক এই চ্যালেঞ্জ ছুড়ে দেন।

সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে মশা নিধন এবং সিটি কর্পোরেশনের নিয়োগ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। এসব প্রতিবেদন ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে তাকে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে মন্তব্য করে খালেক বলেন, “কেউ  যদি আমার বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে আমি এই মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করবো।”

Image
মহাজোটের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক

মহাজোটের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক

নির্বাচনের আগে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মেয়র থাকা অবস্থায় নগরের উন্নয়নে নিজের বিভিন্ন কর্মকাণ্ড সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।

“মানুষ মাত্রই ভুল করে। আমি সারা জীবন চেষ্টা করেছি ন্যায় ও সততার পথে চলতে। আপনারা (গণমাধ্যম) আমার সমালোচনা করুন, ভুল থাকলে আমি অবশ্যই নিজেকে শোধরানোর চেষ্টা করবো।”

বিরোধী দল সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মণি নির্বাচনে কালো টাকা ছড়ানোর যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, “ছয়বার নির্বাচন করেছি, কখনো হারিনি। যারা কালো টাকা ছড়িয়ে নির্বাচন করেন তারাই বলতে পারবেন কোথায় কালো টাকা ব্যবহার হচ্ছে। আমরা এরকম কোনো সংস্কৃতিতে বিশ্বাস করি না।”

বিভিন্ন সময়ে সাধারণ মানুষের সঙ্গে রূঢ় আচরণের অভিযোগও নাকচ করেন সাবেক এই মেয়র।

তিনি বলেন, “সাধারণ মানুষের সাথে আমি কখনো খারাপ ব্যবহার করিনি। কেউ যদি অনৈতিক কাজ করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ ভূমিকা রাখতে হবে।”

এর আগে সকালে নগরীর প্রেমকানন জোড়া গেট ও নিউমার্কেটে নির্বাচনী প্রচার চালান ১৪ দল সমর্থিত প্রার্থী।