বিলবোর্ড উচ্ছেদে বাধা দেয়ায় জিডি
বিলবোর্ড উচ্ছেদের সময় বাধা ও যানবাহন ভাংচুরের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
কর্পোরেশনের রাজস্ব বিভাগের প্রধান পরিদর্শক (বিজ্ঞাপণ ও প্রমোদ কর) আবুল মনসুর বুধবার গভীর রাতে খুলশী থানায় এই জিডি করেন।
সিটি কর্পোরেশনের সচিব মো. শামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্পোরেশনের চারটি গাড়ি ভাংচুর ও উচ্ছেদ কাজে বাধা দেয়ার বিষয়টি জিডিতে উল্লেখ করা হয়েছে।
কর কর্মকর্তা মনসুর জানান, কয়েকজন যুবক যানবাহন ভাংচুর করেছে ও ম্যাজিস্ট্রেটের কর্তব্যে বাধা দিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, জিইসি মোড় এলাকায় অবস্থিত ওমরগণি এম ই এস কলেজ ছাত্র সংসদের ভিপি ও নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিনের অনুসারী ছাত্রলীগকর্মী সৌমেন বড়ুয়া এবং শামীমের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সিটি কর্পোরেশনের তিন কাউন্সিলর ও সচিব ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
