২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বজিৎ হত্যার সাক্ষ্য শুনবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল’

আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 09:11 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

আগামী ২৭ জুন দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এ কারণে শুনানি পিছিয়ে দেয়ার আবেদন করেন তিনি।

এরপর বিচারক মো. জহুরুল হক আগামী ২৭ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন রাখেন।

ওই দিন দ্রুত বিচার ট্রাইব্যুনালেই এ মামলার সাক্ষ্যগ্রহণ হবে বলে আশা প্রকাশ করেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শাহ আলম।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার ১৩৫ কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে। এ সময়ের মধ্যে বিচার শেষ না করা গেলে আরো কয়েকটি মেয়াদে সময় বাড়ানোর কথা আইনে উল্লেখ রয়েছে।

গত বছরের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে দর্জি দোকানি বিশ্বজিতকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম গত ৫ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ২১ ছাত্রলীগ নেতা-কর্মীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।

গত ২৬ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মহানগর দায়রা জজ মো. জহুরুল হক।

কারাবন্দি আট আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। বাকিরা পলাতক রয়েছে।