রেলের মানোন্নয়নের দাবিতে জামালপুরে মানববন্ধন
জামালপুর, জুন ১৩-রেলের মানোন্নয়নসহ ১৮ দফা দাবিতে মানববন্ধন করেছে জামালপুর সচেতন নাগরিক কমিটি।
বৃহস্পতিবার সকালে জামালপুর শহরের দয়াময়ী চত্বরে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে জামালপুর-ঢাকা লাইনে সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে দুটি নতুন আন্ত:নগর ট্রেন চালু, ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, টিকিট কালোবাজারী বন্ধ, স্টেশনগুলোর প্লাটফর্ম থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ট্রেন ও স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা এবং বাহাদুরাবাদ-ফুলছড়িঘাট রেল সেতু নির্মাণসহ ১৮ দফা দাবি জানানো হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহিদ আনোয়ার, টিআইবির প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান সুমন প্রমুখ।
