২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় চেয়ারম্যান অক্ষত থাকলেও তার এক ভাতিজা আহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 06:56 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বুধবার গভীর রাতে উপজেলার চৌরাশী গ্রামে বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম হাওলাদারের বাড়িতে এ হামলা হয়।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক জানান, চেয়ারম্যানকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। তবে তিনি নিরাপদ স্থানে সরে যাওয়ায় অক্ষত রয়েছেন।

হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে চেয়ারম্যানের ভাতিজা বাচ্চু হাওলাদার গুরুতর আহত হয়েছেন। তাকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেয়ারম্যান সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে ঘর থেকে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর ৪/৫টি ককটেল নিক্ষেপ করে। দ্রুত ঘরে ঢুকে যাওয়ায় বোমার আঘাত থেকে রক্ষা পান তিনি।

এরপর বাচ্চুসহ এলাকাবাসী সন্ত্রাসীদের ধাওয়া দেয়। তখন বাচ্চুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।