২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প টেকাতে শ্রমিক স্বার্থ নিশ্চিত করার তাগিদ

শিল্পের উন্নয়নে মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার কোনো বিকল্প নেই বলে অভিমত এসেছে এক আলোচনায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

তারা বলছেন, শ্রমিকের স্বার্থ নিশ্চিত না হলে কোনো শিল্প টিকে থাকতে পারে না।

বুধবার ‘শ্রমিক-মালিক সম্পর্কঃ উন্নয়ন প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) যৌথভাবে ডিসিসিআই মিলানায়তনে এ সেমিনারের আয়োজন করে।

বক্তারা শ্রম আইনে কারখানায় ট্রেড ইউনিয়ন করার যে বিধান রাখা হয়েছে তাতে বহিরাগত বিশেষজ্ঞ রাখার ধারাটি বাতিলের দাবি জানান।

তারা বলেন, “এই ধারার মাধ্যমে প্রকৃত বিশেষজ্ঞ নয়, বরং রাজনৈতিক দলের লোকজন ঢুকে পড়বে।”

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “শ্রমিক-মালিকের মধ্যে যোগাযোগ এবং বিশ্বাস সুদৃঢ় করতে হবে। নতুবা শিল্প বা বাণিজ্য কোনোটাই সফল হবে না।”

মন্ত্রী শিল্প-কারখানায় ট্রেড ইউনিয়ন চালু পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “ট্রেড ইউনিয়ন চালু করা হলে শ্রমিক ও মালিক দু’পক্ষেরই স্বার্থ সংরক্ষিত হবে।”

ডিসিসিআই সভাপতি মো. সবুর খান বলেন, “একটি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য শ্রমিক-মালিক সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিক ও মালিকের মধ্যে যোগাযোগের অভাবের কারণে বিভিন্ন সময় নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। এজন্য দুপক্ষের মধ্যে প্রতিনিয়ত বৈঠক হওয়া উচিত।”

শিল্প-কারখানায় পরিচালিত ট্রেড ইউনিয়নকে রাজনীতির আওতামুক্ত রাখারও আহ্বান জানান তিনি।  

ডিসিসিআই সভাপতি বলেন, “ট্রেড ইউনিয়ন যেন কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না হয় সে বিষয়ে সরকারকেই উদ্যোগ নিতে হবে।”

আলোচনায় ডিসিসিআই’র প্রাক্তন সভাপতি আসিফ ইব্রাহীম, বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুর রহমান, আইএলও, ঢাকা কার্যালয়ের কলসালটেন্ট ফ্রান্সিস ডি ভি ডি সিলভা, বিএসএইচআরএম’র ট্রেজারার মাসহিকুর রহমান, বিএসএইচআরএম’র জেনারেল সেক্রেটারি বাহাউদ্দিন মিয়া অংশগ্রহণ করেন।

আলোচনায় ডিসিসিআই’র সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, তৈরি পোশাকসহ অন্যান্য খাতে ঝুঁকিপূর্ণ কারখানাগুলো স্থানান্তরের জন্য সরকাররের খাস জমি বরাদ্দ দেয়া উচিত। একইসঙ্গে ব্যাংকগুলোকে অবকাঠামো উন্নয়নে ঋণ সুবিধা দিতে হবে।”

বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক শ্রমিক ও মালিকের মধ্যে পারষ্পরিক আস্থা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে মালিকপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি মো. মোশাররফ হোসেন।