সিটি নির্বাচন: ব্যয়ের ৭০% আইন-শৃঙ্খলায়
চার সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে বরাদ্দ সাত কোটি টাকার ৭০ শতাংশই যাবে আইন-শৃঙ্খলা সামাল দিতে।
শনিবার রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে একযোগে এই ভোট হবে।
ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার-ভিডিপি এবং বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বিজিবি, র্যাব, পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা নির্বাহী হামিকের নেতৃত্বে নিয়োজিত থাকবেন।
চার সিটির সাড়ে ছয় শতাধিক কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন ১৫ হাজারেরও বেশি সদস্য। এছাড়া টহলে থাকবেন ৫ হাজারেরও বেশি সদস্য।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (বাজেট) এনামুল হক জানান, ইতোমধ্যে প্রয়োজনীয় অর্থ ছাড় করেছে অর্থবিভাগ। আইন শৃঙ্খলা বাবদে বরাদ্দও সংশ্লিষ্টরা পাঠিয়ে দিয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, এবার ভোট পরিচালনায় ২ কোটি ৮০ হাজার ৩ শ’ টাকা বরাদ্দ পেয়েছে কমিশন। আর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ, আনসার ও র্যাবের পক্ষ থেকে প্রায় ৪ কোটি টাকা এবং বিজিবির পক্ষ থেকে ১ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
ব্যালট পেপারের পাশাপাশি এবার প্রতিটি সিটির একটি করে ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
চার শহরে নতুন মেয়র নির্বাচনে ১২ লাখেরও বেশি ভোটার এবার ভোট দেবেন।
এছাড়া চার সিটিতে নির্বাচনী সংলাপ আয়োজনে কমিশনের খরচ হয়েছে ১২ লাখ ৮৪ হাজার টাকা।
নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে দুই দফা বৈঠক করেছে নির্বাচন কমিশন।
ইসির বুধবারের বৈঠকের কার্যপত্রে দেখা যায়, ‘জামায়াত-শিবির অধ্যুষিত’ রাজশাহী, খুলনায় সর্বহারা, সীমান্তবর্তী সিলেট এবং বরিশাল-খুলনার নিকটবর্তী সুন্দরবনে দস্যুদের তৎপরতার বিষয়টি বিবেচনায় নিয়েই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের কথা বলেছেন শীর্ষ কর্মকর্তারা। ইতোমধ্যে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও বৈঠকে জানিয়েছেন তারা।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (বিশেষ শাখা) মোহাম্মদ জাবেদ পাটোয়ারি কমিশনকে বলেন, “রাজশাহী এলাকা শিবির অধ্যুষিত। প্রার্থীদের দলের ভেতরে আন্তঃকোন্দলের বিষয়টিও মাথায় রাখতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করতে হবে। এখন পর্যন্ত নেতিবাচক কিছু নেই; তবে তিনটি পর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা করতে হবে।”
বৈঠকে উপস্থিত ডিজিএফআই প্রতিনিধিও এ বিষয়ে একমত পোষণ করেন।
যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। প্রার্থীদের লক্ষ্য করে সন্ত্রাসী কার্যক্রমও চালানো হতে পারে।
চার সিটির মধ্যে নিরাপত্তার দিক দিয়ে রাজশাহী ‘বিশেষ স্পর্শকাতর’ বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের শেষ সময়ে রাজনৈতিক আন্দোলন ও যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি নির্বাচনের আইন শৃংখলায় প্রভাব ফেলতে পারে বলে মত দেন এনএসআই প্রতিনিধি।
গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত উস্কানিমূলক লিফলেট বিতরণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বিজিবির উপ মহাপরিচালক কর্নেল ওবায়দুল আহসান জানান, প্রতিটি সিটি করপোরেশনে ৬ থেকে ৮ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা যাবে।
ইতোমধ্যে খুলনা ও বরিশালে দুই প্লাটুন করে কোস্টগার্ড সদস্য মোতায়েনের কথা জানান এ বাহিনীর প্রতিনিধি।
সাদা পোশাকে অন্তত ৫০ জন র্যাব সদস্যকে ভোটকেন্দ্রগুলোর আশ-পাশে নিয়োজিত করা হবে বলে জানান তিনি।
রাজশাহীতে ৪৪৩ জন, খুলনায় ৪৫০ জন, বরিশালে ৪৩৪ জন এবং সিলেটে ৪১৮ জন র্যাব সদস্য নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়া বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াডও থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার বৈঠকে বলেন, “সময়টা এখন খুবই স্পর্শকাতর। অনেকে এ নির্বাচনকে অনেক মাত্রায় দেখতে চাইবে। আইন শৃঙ্খলা ব্যবস্থাকে অকার্যকর করার চেষ্টা থাকবে অনেকের।”
হেফাজতে ইসলামের আন্দোলনের বিষয়টি বিবেচনায় নিয়ে মসজিদের ভেতরে প্রচার চালাতে না দিতে ইমামদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
পুলিশের মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, “আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যে যা যা করণীয় তার সব কিছুই করা হবে। কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।”
আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী এলাকার সার্বিক সমন্বয় করবেন বলে উল্লেখ করেন তিনি।
সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ সবার সহযোগিতা চেয়ে বলেন, “জাতীয় নির্বাচনের আগে এ চার সিটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। সব প্রার্থীকে সমানভাবে দেখতে হবে। সবার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
