দুর্ঘটনার জেরে মহাসড়ক অবরোধ, কারখানা ছুটি
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক আহত হওয়ার জেরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ ঘটনায় আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।।
বুধবার দুপুরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এর ফলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় যানজট।
মৌচাক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম জানান, দুপুর সোয়া ২টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় মৌচাক এলাকার একটি মাইক্রোবাসের ধাক্কায় লোগোস এ্যাপারেলস পোশাক কারখানার তিন শ্রমিক আহত হন। এ খবর লোগোস কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে পুলিশ এসে লাঠিপেটা করে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এ সময় পুলিশে লাঠিপেটায় আহত হন অন্তত পাঁচ শ্রমিক। প্রায় আধাঘন্টা বন্ধ থাকার পর বেলা সোয়া তিনটার দিকে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।
আহত তিন শ্রমিককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে লোগোস কারখানাসহ আশেপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে জানান এসআই আজহারুল।
