২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলুর পক্ষে সুপারিশ

ভাতের ওপর চাপ কমিয়ে আলুকে জনপ্রিয় করার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 12:23 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিগত সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাপ্রধান মইন উ আহমেদ ভাতের পরিবর্তে আলুকে জনপ্রিয় করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন।

কৃষকদের আলুচাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি এই ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সংরক্ষণে পর্যাপ্ত সংখ্যক হিমাগার তৈরির এবং সুষ্ঠু বাজারজাতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সরকারকে বলেছে সংসদীয় কমিটি।

এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আবাদী জমি ধ্বংস করে শিল্প কারখানা স্থাপন বন্ধের জন্য পদক্ষেপ নিতেও কমিটি সুপারিশ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মৌসুমী ফল যেন বছরব্যাপী পাওয়া যায়, সেজন্য সংরক্ষণ ব্যবস্থা আরো বিজ্ঞানসম্মত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সরকারকে বলা হয়েছে।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের জন্য ২০১২-১৩ অর্থ বছরে সংশোধিত এডিপিতে ৭৪টি প্রকল্পে মোট ১১৪৬ দশমিক ৭১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চলতি বছরের মে মাস পর্যন্ত মোট বরাদ্দের ৭৬ দশমিক শূন্য ২ ভাগ ব্যয় করা হয়েছে।

সংসদীয় কমিটি প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. দবিরুল ইসলাম এবং রাশেদা বেগম হীরা অংশ নেন।