আবারো সেনা মোতায়েনের দাবি বিএনপির
স্থানীয় নির্বাচনে সরকারকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে আবারো সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।
বুধবার বিকেলে ১৮ দলের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ দাবি জানান।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকারদলীয় প্রার্থী দেশের বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী এনে সিলেটে জড়ো করছেন।
“তারা ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে বাধার পরিকল্পনা করছে। এ অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি।’’
পরাজয় অনিবার্য জেনে সরকারদলীয় প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নির্বাচনে কালো টাকা ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করছেন বলেও অভিযোগ করেন খন্দকার মোশাররফ।
চার সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ১৫ জুন। নির্বাচনের শুরু থেকেই বিরোধী দল বিএনপি সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে।
যদিও নির্বাচন কমিশন তাদের এ দাবি নাকচ করে দিয়েছে।
গত দু’দিন সিলেট নগরীর বিভিন্ন স্থানে ১৮ দলের প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, আরিফুল হকের পক্ষে ভোটারদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর এ জোয়ার দেখে সরকারদলীয় প্রার্থী ভীত হয়ে নানা কৌশল ও ষড়যন্ত্র করছে। প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শসসের মুবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, মীর নাসির উদ্দিন, মো. শাহজাহান, শাখাওয়াত হোসেন জীবন, এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
