২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্কাটনে ৩ গার্মেন্ট বন্ধ ঘোষণা

টানা তিনদিন বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভের পর রাজধানীর ইস্কাটনে তিনটি গার্মেন্ট কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 11:18 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বন্ধ করে দেয়া ওই তিন প্রতিষ্ঠান হলো- এনভয় গ্রুপের নাদিয়া গার্মেন্ট, এস্টার গার্মেন্ট ও রিগ্যাল গার্মেন্ট।

বুধবার সকালে এসব গার্মেন্টসের মূল ফটকে এজিএম (প্রশাসন) মো. সিরাজুল হক স্বাক্ষরিত বন্ধের নোটিস ঝুলতে দেখা যায়।

অবশ্য এদিন সেখানে কোনো শ্রমিককে বিক্ষোভ করতে দেখা যায়নি।

গত রবি, সোম ও মঙ্গলবার ওই গার্মেন্টের শ্রমিকরা দুপুরের খাবারের ভাতা, হাজিরা বোনাস ও টিফিন বিলের দাবিতে বিক্ষোভ করেন। এসব গার্মেন্টস এ প্রায় ১৩০০ শ্রমিক কাজ করতেন।

গার্মেন্ট বন্ধের নোটিসে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষ গার্মেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক মঙ্গলবার নিজেদের কাজ বন্ধ করে এবং অন্য শ্রমিকদের কাজে বাধা তৈরি করে বিনা নোটিসে কারখানা ছেড়ে যায়। তারা বিভিন্ন শ্রম আইন বর্হিভূত দাবি ও অযৌক্তিক দাবি তুলে গত ৯ হতে ১১ জুন কর্মবিরতি পালন করে আসছিলেন। তাই কর্তৃপক্ষ গার্মেন্টগুলো বন্ধ ঘোষণা করেছে।

কাজের পরিবেশ ফিরে এলে কারখানা পুনরায় খুলে দেয়া হবে বলেও নোটিসে বলা হয়।