২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যম ব্যবহার করে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

কেউ গণমাধ্যম ব্যবহার করে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত এক উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

কুমিল্লা-৯ আসনের সাংসদ মো.তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, যেসব রাজনৈতিক দল ও ব্যক্তি গণমাধ্যমে বা অন্য কোনো উপায়ে ‘সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য’ হিসাবে প্রতিষ্ঠা করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে শান্তি শৃঙ্খলা নষ্ট করছে- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা।

উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চায়তা প্রদানের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতার নিশ্চায়তা প্রদান করা হয়েছে। তবে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সম্পর্কে আইনে আরোপিত যুক্তিসংগত বাধা নিষেধ সাপেক্ষে এ স্বাধীনতা ভোগ করা যাবে বলে উল্লেখ করা হয়েছে।

“আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। কেউ আইন পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হলে দেশের প্রচলিত আইনের আওতায় তার বিচার হবে।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গত ১১ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই পুলিশ পত্রিকাটির ছাপাখানায় তালা ঝুলিয়ে দেয়।

এছাড়া গত ৫ মে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের রাতে দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার ‘সাময়িকভাবে’ বন্ধ করে দেয়া হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পরে এক সংবাদ সম্মেলনে জানান, লাইসেন্সের শর্ত ভঙ্গ ও দাঙ্গা লাগানোর মত পরিস্থিতি সৃষ্টি করায় ওই দুই টেলিভিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

সংসদে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমের কোনো সংবাদে কেউ সংক্ষুদ্ধ হলে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ছাড়াও প্রচলিত ফৌজদারি এবং দেওয়ানী আইনের আওতায় তিনি প্রতিকার চাইতে পারেন।