২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ শুরু

নির্দলীয় সরকার পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে এক ছাত্রদল নেতার বক্তব্যের মধ্য দিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 10:10 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

বুধবার বিকাল সোয়া ৩টায় বিএনপির মহানগর শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশের শুরুতেই কোরআন তেলাওয়াত হয়।

সমাবেশে প্রথম বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবুল মনসুর খান দীপক।

এরপর স্বেচ্ছাসেবক দলের ঢাকা দক্ষিণের সভাপতি আলী রেজাউর রহমান রিপন ও যুব দলের ঢাকা দক্ষিণের আহবায়ক মামুন হাসান মঞ্চে উঠে বক্তব্য দেন।

সমাবেশের প্রধান অতিথি বিএনপির  ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা সাড়ে ৩টা পর্যন্ত সমাবেশস্থলে পৌঁছাননি।

নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, আটক নেতা-কর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, ‘দুর্নীতিবাজদের’ বিচার, অযোগ্য ও ব্যর্থ সরকারের পদত্যাগ ও গণহত্যার বিচারের দাবিতে এই সমাবেশ করছে বিএনপি।

১৯৭৮ সালের প্রতিষ্ঠার পর থেকে রমনা, মানিকমিয়া এভিনিউ, পল্টন ময়দানে বিভিন্ন সময়ে সমাবেশ করলেও সোহরাওয়ার্দী উদ্যানে এটিই বিএনপির প্রথম সমাবেশ।

এ কর্মসূচির জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের পেছন দিকে উদ্যানের পূর্ব অংশে। আশেপাশে মাইক লাগানো হয়েছে ৫০টি।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই সমাবেশস্থলের কাছাকাছি অবস্থান নিয়েছেন। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সড়কে র্যর‌্যাব সদস্যদেরও দেখা গেছে।

সমাবেশে যোগ দিতে বেলা আড়াইটা থেকেই থানা পর্যায়ের নেতা-কর্মীরা ব্যানার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উদ্যানে জড়ো হতে শুরু করেন। বিকাল ৩টার মধ্যে সমাবেশস্থলে বিপুল সংখ্যক লোক সমাগম ঘটে।

সর্বশেষ গত ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে ওই সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

এরপর গত ১২ ও ১৫ মে  নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে ব্যর্থ হয় বিএনপি। এর এক মাসের মাথায় বুধবার আবারো একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়ে পুলিশের অনুমতি চায় দলটি।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়, নয়া পল্টন নয়, সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশ করতে পারে বিএনপি। সে অনুযায়ী সেখানেই সমাবেশের প্রস্তুতি নিতে শুরু করে বিএনপি।