বন্যপ্রাণী কেনা-বেচার দায়ে ৪ জনের সাজা
তক্ষক কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার অপরাধে চার ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে রামপুরা ‘কুঞ্জবন’ নামে একটি ভবনে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের প্রত্যেককে এক বছর করে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
একই সময় ওই ভবন থেকে ৫০টি তক্ষক উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, খোকন মিয়া (৩০), মামুন চৌধুরী (৩৩), মিহির কুমার শর্মা (২৮) ও মো. হামিদ শেখ (৪৫)।
র্যাবের হাকিম এএইচ এম আনোয়ার পাশা বলেন, টিকটিকির মতে দেখতে বড় আকারের এ প্রাণী বাড়ি ও বনের ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসম্য বজায় রাখে। কিন্তু একটি তক্ষক কোটি টাকায় বিদেশে বিক্রি হয় এমন গুজবে তক্ষকগুলো কিছু অসাধু ব্যবসায়ী সংগ্রহ করে।
তিনি বলেন, “তক্ষক কোটি টাকায় বিদেশে বিক্রি হয় না। এটা নিছক গুজব। কেউ তক্ষক বিদেশে বিক্রি করে লাখ টাকা আয় করেছে এমন কোনো নজির নেই।”
চার জনকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
