২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুপুরে জেল, বিকালেই জামিন’

মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেও বিকালেই একই ব্যক্তিকে জামিনের আদেশ দিয়েছে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত-২।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বাদীপক্ষের আইনজীবী আনোয়ার জাহিদ সাংবাদিকদের বলেন, মহম্মদপুর উপজেলার ঢুসরাইল গ্রামের জহুরুন নেছা ২০১২ সালের এপ্রিল মাসে জাল দলিল করার অভিযোগে একটি জালিয়াতি মামলা করেন। মামলায় ওই সময়ে মহম্মপুর উপজেলার সাবরেজিস্ট্রার আব্দুল হান্নানসহ ১০ জনকে আসামি করা হয়।

“মঙ্গলবার দুপুরে আবদুল হান্নান আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. ইমতিয়াজুল ইসলাম তার জামিনের আবেদন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”

দুপুরেই আসামিপক্ষের আইনজীবী আবারো তার জামিনের আবেদন করলে বিকাল ৪টার দিকে আব্দুল হান্নানের জামিন মঞ্জুর করেন বিচারক ইমতিয়াজুল ইসলাম, বলেন আনোয়ার জাহিদ।

আসামিপক্ষের আইনজীবী আবদুল মান্নানের সঙ্গে কথা বলতে গেলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি।