কিশোরগঞ্জ উপনির্বাচনে: মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে অসীমের আপিল
কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মহিদুল ইসলাম অসীম।
মঙ্গলবার বিকালে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ আবেদন করেন তিনি।
নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম আপিল আবেদনেরর সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার শুনানির তারিখ জানানো হবে।
আপিল আবেদন জমা দেয়ার সময় অসীমের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিদুল ইসলাম অসীম স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। গত ৯ জুন মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থীর পক্ষে ভোটারদের স্বাক্ষর ও উল্লেখিত পরিচয়ের সঙ্গে নির্বাচন কমিশনের ভোটার তালিকার গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া অপর প্রার্থী জমিয়তে ওলামা ইসলাম প্রার্থী খালেদ সাইদুল্লাহ দলীয় মনোনয়নের কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হলে আওয়ামী লীগ মনোনীত ও রাষ্ট্রপতির ছেলে রেজোয়ান আহম্মেদ তৌফিক একমাত্র প্রার্থী থাকেন।
তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত সংসদীয় আসনের আগামী তিন জুলাই ভোট গ্রহণ হবে। সাংসদ আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি খালি হয়।
