তারেকের নোটিস উদ্দেশ্যমূলক: কামরুল
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেয়া উকিল নোটিসের জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ওই নোটিসের বক্তব্য বিকৃত, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।
তারেককে নিয়ে তিনি যা বলেছেন তা ‘সত্য’ ও ‘বস্তুনিষ্ট’ দাবি করে ওই নোটিস প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন কামরুল।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল মতিন খসরুর মাধ্যমে তারেকের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের কাছে নোটিসের জবাব পাঠিয়ে দেয়া হয়।
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিভিন্ন ‘দুর্নীতি’ ও মামলার চিত্র তুলে ধরে এতে বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানার পরও তারেক আদালত থেকে দূরে সরে আছেন। তিনি যুক্তরাজ্য ও সৌদী আরবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে বক্তব্যও দিয়েছেন।
“আদালতে উপস্থিত না হয়ে এ ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে তিনি আদালতের প্রতি অবজ্ঞা দেছিয়েছেন।”
গত পাঁচ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান সম্প্রতি লন্ডনে এক সমাবেশে বক্তব্য দেন। প্রবাসে প্রথম রাজনৈতিক সভায় তারেকের ওই বক্তব্য নিয়ে সরকারি দলের নেতারা সমালোচনায় মুখর হন।
আন্দোলন ছেড়ে নির্বাচনের প্রস্তুতি নিন: কামরুল
একইভাবে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদকেও নোটিশ পাঠান তারেকের আইনজীবী।
কায়সার কামাল সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন প্রতিমন্ত্রী বলেছেন, তারেক রহমান বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন। এর কোনো প্রমাণ নেই। এটা তারেক রহমানের জন্য অবমাননাকর।
“আইন প্রতিমন্ত্রীকে এই ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ করতে হবে। তাকে এ জন্য দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। এই বক্তব্য প্রত্যাহারের করে আইন প্রতিমন্ত্রীকে তারেক রহমানের কাছে ক্ষমা চাইতে হবে। নইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
নোটিসে বলা হয়, তারেক রহমানকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে এবং সমাজের সামনে তার খ্যাতি নষ্ট করতে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেছেন।
তারেকের ওই উকিল নোটিসকে উদ্দেশ্যমূলক দাবি করে আইন প্রতিমন্ত্রীর আইনজীবী খসরু বলেন, ‘রাজনৈতিক অসৎ উদ্দেশ্য’ থেকেই কামরুল ইসলামকে ওই নোটিশ দেয়া হয়েছে।
ওই উকিল নোটিস প্রত্যাহারের জন্য তারেকের আইনজীবীর প্রতি আহ্বান জানান তিনি।
