২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে মহাজোট সমর্থিত মেয়র পদপ্রার্থী শওকত হোসেন হিরনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনকে আল্টিমেটাম দিয়েছে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 11:07 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার সন্ধ্যার মধ্যে হিরণের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন ১৮ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিব কামাল।

দুপুরে রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমানের কার্যালয়ে এসে আহসান হাবিব কামাল এ কথা জানিয়ে দেন।

এ সময় তার নির্বাচনী এজেন্ট মজিবুর রহমান নান্টু, বরিশাল-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মেহবাহ উদ্দিন ফরহাদসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন।

মজিবুর রহমান নান্টু বলেন, ১৪ দলের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের পক্ষে নগরীর বিভিন্ন স্থানে রঙিন বিলবোর্ড টানানো হয়েছে, যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।

“এ ঘটনায় গত ৬ জুন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি।”

তাই তাকে সন্ধ্যার মধ্যে বিলবোর্ডগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। না সরালে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান নান্টু।

রিটানিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, এজেন্টদের নিয়ে মেয়র প্রার্থী কামাল তার কার্যালয়ে এসেছিলেন। এ সময় তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরনবিধি লঙ্ঘন নিয়ে আলোচনা করেন।