নারায়ণগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি
নারায়ণগঞ্জ সদরে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।
সোমবার রাত দুইটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় হাবিবুল্লাহ মিয়ার বাড়িতে ডাকাতের হামলায় চারজন আহত হন।
ডাকাতরা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে পরিবারের লোকজন জানান।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা হাতবোমা উদ্ধার করেছে।
গৃহকর্তা হাবিবুউল্লাহ অভিযোগ করেন, ডাকাতরা তার দোতলা ভবনের নিচতলায় কলাপসিবল গেইটের তালা ভেঙে ভেতরে ঢোকে।
বাড়ির লোকজন তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দোতলায় ওঠে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা কুপিয়ে চারজনকে জখম করে।
তিনি বলেন, আহত হন তার ছেলে সুমন (৩০), সেলিম (৩৫), রনি (২২) ও স্ত্রী আয়েশা (৫০)।
তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকাতরা ঘর থেকে নগদ ১৪ লাখ ৩৯ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে বলে দাবি করেন হাবিবুল্লাহ।
ডাকাতি শেষে তারা ফাঁকা গুলি ও হাতবোমা ফাটিয়ে চলে যায় বলে হাবিবুউল্লাহ জানান।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, ডাকাতদের সনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।
ঘটনাস্থল থেকে দুটি তাজা হাতবোমা উদ্ধারের কথা তিনি স্বীকার করেন।
