রাসিক নির্বাচন: পিছিয়ে নেই নারীরাও
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এবার নারী ভোটার অর্ধেকেরও বেশি। তাই জেতার জন্য তাদের সমর্থন একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে দেখা হচ্ছে।
প্রচারেও পিছিয়ে নেই তারা। বাড়ি বাড়ি গিয়ে বিশেষত নারী ভোটারের মন জয় করার চেষ্টা করছেন নারী প্রার্থী ও প্রচারকারীরা।
নির্বাচন কমিশন জানায়, রাজশাহী সিটি করপোরেশনে ভোটার সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ৯১৭। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৩৯৫ এবং নারী এক লাখ ৪৩ হাজার ৫২২ জন।
এবার সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা গতবোরের প্রায় দ্বিগুন বলে নির্বাচন কমিশন জানায়।
মহিলা কাউন্সিলরদের সংরক্ষিত ১০টি জোনে এবারের প্রার্থী ৬৬ জন, যা গত নির্বাচনে ছিল ৩৪।
নগরজুড়ে দেখা গেছে, লিফলেট হাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন প্রার্থীদের প্রচারণায় নিয়োজিত বিভিন্ন বয়সের নারীরা। দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে নিজ প্রার্থীর পক্ষে ভোট চাইছেন তারা।
নগরীর ষষ্ঠতলা এলাকায় তাসলিমা খাতুন বলেন, ৫০ জন নারী এক কাউন্সিলরের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন ১০জন করে পাঁচটি দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি দিয়ে নারী ভোটারদের মধ্যে প্রচারণা চলানো হচ্ছে।
রাজশাহী মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার নেতৃত্বে প্রতিদিন ৫০ জন মহিলা মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের তালা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
তারা বিশেষ করে নারী ভোটারদের মাঝে কাজ করছেন।
আর নারীর অধিকার কুক্ষিগত করতে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে নারীরা কী পরিমাণ ক্ষুদ্ধ তা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বোঝা যাচ্ছে, বলেন তিনি।
তিনি বলেন, এখন নারীরা অনেক সচেতন। নিজেদের অধিকার নিজেদেরকেই রক্ষা করতে হবে- তা নারীর উপলদ্ধি করতে পেরেছে।
এবারের নির্বাচনে বিভিন্নভাবে নারীর অংশগ্রহণ অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে বলে দাবি করেন তিনি।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ও মহিলা দলের নেত্রী সামসুন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারীরা ঘরে বন্দি থাকতে চায় না। তাই এবারের নির্বাচনে বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণ রয়েছে।
নির্বাচিত হলে নারীদের অধিকার নিশ্চিত ও কর্মস্থান সৃষ্টির জন্য কাজ করতে চান বলে তিনি জানান।
এদিকে, দিনরাত ভোটারদের দুয়ার চষে বেড়াচ্ছেন প্রধান দুই মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পত্নী ও মোসাদ্দেক হোসেন বুলবুলের পত্মী।
নারী ভোটারদের তারা নিজ নিজ স্বামীর পক্ষ থেকে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন।
আওয়ামী লীগ সর্থিত মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামান লিটনের পত্মী শাহীন আক্তার রেনী বলেন, তার স্বামী এবার সুযোগ পেলে নারীদের কর্মস্থানের সুযোগ সৃষ্টি করবেন। ভোটারদের তিনি এ প্রতিশ্রুত পৌঁছে দিচ্ছেন।
অপরদিকে, বিএনপি সমর্থিত সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পত্মী রেবেকা সুলতানা সিমি তার স্বামীকে একবার সুযোগ দেয়ার অনুরোধ করছেন।
তার স্বামী নির্বাচিত হলে নারীদের উন্নয়ন ও কর্মস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
