২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আওয়ামী লীগ বিরোধী দলহীন গণতন্ত্র চায়’

সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মহাজোটের দেশ পরিচালনার সমালোচনা করেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

তিনি বলেছেন, “এখন আওয়ামী লীগ গণতন্ত্র চায়, কিন্তু বিরোধী দল চায় না। দেশে গণতান্ত্রিক চর্চা নেই, একদলীয় শাসন চায় সরকার।”

সোমবার সংসদ অধিবেশনে এই বক্তব্যের জবাবে সরকারদলীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, “যারা সামরিক স্বৈরশাসনের অধীনে কাজ করে তাদের মুখে এ কথা শোভা পায় না।”

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সোয়া ৫টায় সংসদের অধিবেশন শুরু হয়। সংসদ নেতা শেখ হাসিনা এ সময় সংসদে ছিলেন।

বিএনপির শরিক জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শেষে সন্ধ্যা ৬টার দিকে অধিবেশন কক্ষে ঢোকেন বিরোধী দলের সদস্যরা।

সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মওদুদ পুঁজিবাজার, রেল, হল-মার্ক, পদ্মা সেতুর বিষয় উল্লেখ করে বলেন, “এ সরকারের মেয়াদে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি, গরিব আরো গরিব হয়েছে। এ সরকারের সময় হচ্ছে দেশের সবচেয়ে কলঙ্কময় অধ্যায়।”

ব্যক্তি আক্রমণ ও বিরোধীদলীয় নেতাদের প্রতি অশোভন বক্তব্য প্রত্যাহার করে সংসদে গঠনমূলক আলোচনার আহ্বান জানান বিএনপির এ নেতা।

তিনি বলেন, “আমরা সংসদে থাকতে চাই। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান সম্পর্কে অশালীন বক্তব্য রাখবেন না। যদি এমন হয় আমরাও পাল্টা জবাব দেবো, কোনো ছাড় দেয়া হবে না।”

সরকারি দলের সদস্যদের অশালীন বক্তব্যের কারণে সংসদের পরিবেশ নষ্ট হচ্ছে দাবি করে সংসদকে কার্যকর করতে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন মওদুদ।

এরপর তোফায়েল আহমেদ দাঁড়িয়ে বলেন, মওদুদের বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।

একদলীয় শাসন কায়েমের বিষয়ে বিএনপি নেতার বক্তব্যের জবাবে তিনি বলেন, “বঙ্গবন্ধু সকলকে নিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) করেছিলেন। জিয়াউর রহমান সে দলের সদস্য হতে আবেদন করেছিলেন। আবেদনটি আমার কাছে আছে, দেখতে চাইলে দেখাতে পারি।”

এরপর এরশাদের সামরিক সরকারে মওদুদের মন্ত্রী হওয়ার বিষয়টি তুলে ধরেন তোফায়েল। সেইসঙ্গে ১৯৯১ সালের পর বিএনপি ক্ষমতাসীন অবস্থায় জাতীয় পার্টির নেতা হিসেবে মওদুদ আহমেদের কারাবাসের কথাও তুলে ধরেন আওয়ামী লীগের এই নেতা।


এই সরকার আমলে উপনির্বাচনে জয়ী হয়ে মওদুদের সংসদে আসার দিকে ইঙ্গিত করে তোফায়েল বলেন, “মওদুদ আহমেদ সাহেব এক জায়গার মানুষ হয়ে জিতলেন আরেক জায়গা থেকে। জিতলেন বিপুল ভোটে। সুষ্ঠু নির্বাচন না হলে কীভাবে সম্ভব!”

এর আগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “দেশের উন্নয়নে এ সরকার কাজ করে। এজন্যে বড় আকারের বাজেট দিয়েছে। কিন্তু বিএনপি-জামায়াতের বাজেট সব সময় অপচয়ের দিকে দেশের অর্থনীতিকে নিয়ে যায়।”

স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম বলেন, বাজেটে প্রণোদনা দিলেও পুঁজিবাজার স্থিতিশীল করতে তাতে কোনো কাজ হবে না। এজন্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে।

নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সংসদে আলোচনার উদ্যোগ নিতেও সরকারি দলের প্রতি আহ্বান জানান তিনি।