পাহাড়ে হরতাল প্রত্যাহার
পার্বত্য বাঙালি সমঅধিকার আন্দোলনের পাহাড়ের তিন জেলায় ডাকা ৭২ ঘণ্টার হরতাল সোমবার দ্বিতীয় দিনের পর প্রত্যাহার করে নেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় ৭টার দিকে বান্দরবানের সমঅধিকার আন্দোলনের সভাপতি মো. সেলিম চৌধুরী মুঠোফোনে সংবাদকর্মীদের হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সমঅধিকার আন্দোলনের রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামালও বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রশাসনের উচ্চ পর্যায়ের আশ্বাসের প্রেক্ষিতে তারা আপাতত হরতাল প্রত্যাহার করেছেন।
মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিস্পত্তি কমিশন (সংশোধন) আইন অনুমোদনের প্রতিবাদে দেশের তিন পার্বত্য অঞ্চলে রোববার সকাল থেকে ৭২ ঘণ্টার এই হরতাল শুরু হয়।
পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য যুব ফ্রন্ট, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ হরতালের ডাক দিয়েছিল।
